
ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক সোনালি অধ্যায়ের অবসান ঘটল। ভারতের প্রথম টেস্ট জয়ী দলের শেষ জীবিত সদস্য সিডি গোপীনাথ বৃহস্পতিবার প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। চেন্নাইয়ের আদ্যারে মেয়ের বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রিকেট মহল।
১৯৫২ সালে তৎকালীন মাদ্রাজে ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংস ও ৮ রানে জয় পেয়েছিল ভারত-যা ছিল দেশের প্রথম টেস্ট জয়। সেই ঐতিহাসিক ম্যাচেরই শেষ জীবিত প্রতিনিধি ছিলেন গোপীনাথ। ওই ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ ৩৫ রান করেছিলেন। পরবর্তীকালে এই জয় নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি মজার ছলে বলেছিলেন, একটি মাত্র টেস্ট নিয়ে বই বা তথ্যচিত্র হওয়া তাঁকে অবাক করেছিল।
১৯৩০ সালের ১ মার্চ মাদ্রাজে জন্মগ্রহণ করেন গোপীনাথ। ১৯৫১ সালে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় তাঁর। প্রথম ম্যাচেই অপরাজিত ৫০ ও ৪২ রানের ইনিংস খেলে নজর কাড়েন এই ডানহাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেটেও তিনি ছিলেন সফল। মাদ্রাজ দলের হয়ে দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন এবং রঞ্জি ট্রফিতে ২,৩৪৯ রান করেছেন। ১৯৫৮-৫৯ মরসুমে মাইসোরের বিরুদ্ধে ২৩৪ রানের ইনিংস তাঁর কেরিয়ারের সেরা। খেলা ছাড়ার পরও ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন গোপীনাথ। জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এবং ১৯৭৯ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ম্যানেজারের ভূমিকাও সামলান।
তাঁর প্রয়াণের পর ভারতের প্রবীণতম জীবিত টেস্ট ক্রিকেটারের তকমা এখন চন্দ্রকান্ত পাটানকরের দখলে। তবে ১৯৫২-র সেই ঐতিহাসিক জয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক জীবন্ত স্মৃতির অবসান ঘটল গোপীনাথের বিদায়ে-ভারতীয় ক্রিকেটে যেন চিরতরে বন্ধ হয়ে গেল এক গৌরবময় অধ্যায়ের শেষ পাতা।
