দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক পরিস্থিতি বাংলার, জম্মুর বিরুদ্ধেও সুদীপের লড়াকু ১৪৬ রান
রঞ্জিতে দ্বিতীয় দিনেই আরও বেশি স্বস্তি পেত বাংলা, যদি না ক্যাচ মিস হত। প্রথম ইনিংসে বাংলার ৩২৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে জম্মু কাশ্মীরের রান ৫ উইকেট হারিয়ে ১৯৮। জম্মু কাশ্মীর এখনও বাংলার চেয়ে পিছিয়ে ১৩০ রানে।
দ্বিতীয় দিন বাংলা ৫ উইকেটে ২৪৯ রানে শুরু করে। তাতে ১০ রান যোগ করেই ফেরেন সুদীপ। শেষপর্যন্ত ২৪৬ বলে ১৪৬ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এরমধ্যে রয়েছে ২১ চার ও ১ ছয়। বাকিরাও তেমন সুবিধে করতে পারেননি। পরপর উইকেটের পতন হয়। শাকির হাবিব গান্ধী (৫), আকাশ দীপ (৭), মহম্মদ শামিরা (১) উইকেট হারান। সুমন্ত গুপ্ত ৩৬ বলে ৩৯ রান করেন। তিনি আউট হতেই বাংলার ইনিংসের যবনিকা পতন হয়। ৮৭ রানে ৫ উইকেট নেন জম্মু কাশ্মীরের বোলার আকিব নবি। তিনটি উইকেট নেন সুনীল কুমার।
বল হাতে শুরুতেই জম্মু ও কাশ্মীরকে ধাক্কা দেন বাংলার দুই অভিজ্ঞ পেসার। শামির বলে মাত্র তিন রানে ফেরেন ওপেনার শুভম খাজুরিয়া। আর এক ওপেনার ইয়াওয়ের হাসান আউট হন ২ রান করে। তাঁরও উইকেট নেন শামি। তিনে নামা শুভম পুন্দিরকে ফেরান মুকেশ কুমার। ১৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জম্মু। হাল ধরেন পরশ ডোগরা ও আব্দুল সামাদ। ১৪২ রানের জুটি গড়েন। শেষপর্যন্ত জুটি ভাঙেন শামি। সামাদ ৮৫ বলে ৮২ রানের ইনিংস খেলেন। পরশকে পরের ওভারেই ফেরান মুকেশ কুমার। পরশ ১১২ বলে ৫৮ রান করেন। দ্বিতীয় দিনের শেষে জম্মুর স্কোর পাঁচ উইকেটে ১৯৮।দিনের শেষে তিনটি উইকেট নেন তারকা পেসার মহম্মদ শামি। দুটি উইকেট নেন মুকেশ কুমার।তৃতীয় দিনে বাংলার লক্ষ্য থাকবে, যত দ্রুত সম্ভব জম্মু-কাশ্মীরকে অলআউট করা। বোলারদের দিকেই তাকিয়ে এখন গোটা বাংলা দল।
