অপরাজেয় থেকেই সুপার এইটে টিম ইন্ডিয়া, অভিষেক শর্মার টানা ব্যর্থতা চিন্তায় রাখল

0

সময়টা ভাল যাচ্ছে না অভিষেক শর্মার। নিজের জার্সি পরেননি, নেমেছিলেন সিরাজের জার্সি পরে। কিন্তু ভাগ্য খুলল না। খাতাও খুলতে পারলেন না অভিষেক। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি টানা তিনবার শূন্য রানে আউট হলেন। ডাচদের বিরুদ্ধেও রানের খাতা না খোলা স্বাভাবিকভাবেই সুপার এইট পর্বে ভাবাবে ভারতীয় শিবিরকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত সাংঘাতিক কিছু ব্যাটিং উপহার দেয়নি। দুর্বল দলের বিরুদ্ধে ২০০ রানও ওঠেনি। তবে শিবম দুবের দারুণ ইনিংসে টিম ইন্ডিয়া তুলেছিল ৬ উইকেটে ১৯৩ রান। জবাবে নেদারল্যান্ডস দারুণ লড়াই করে থামে ৭ উইকেটে ১৭৬ রানে। শেষ ম্যাচে ১৭ রানে জয় পেয়ে ভারত ‘এ’ গ্রুপ থেকে সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে অপরাজিতভাবেই সুপার এইটে যাচ্ছে। 

অভিষেক শর্মা ব্যর্থ। তাই শুরুটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার। ৬৯ রানে ৩টি আর ১১০ রানে ৪ উইকেট তুলে নেয় ডাচরা। তাতে অবশ্য চাপে ফেলতে পারেনি ভারতকে। শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া এরপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন।আহমেদাবাদে টস জিতে ব্যাটিং বেছে নেয় ভারত। টানা তৃতীয় ম্যাচে শূন্য রানে ড্রেসিংরুমে ফেরেন অভিষেক শর্মা।

আরেক ওপেনার ঈশান কিশান করেন ৭ বলে ১৪। মাঝে তিলক বর্মা আর সূর্যকুমার হাল ধরলেও ঠিক মারকুটে ছিলেন না। তিলক ২৭ বলে ৩১ আর সূর্য করেন ২৮ বলে ৩৪ রান।এরপরই ভারতকে খোলস থেকে বের করে আনেন হার্দিক আর শিবম। ৩১ বলে ৪ চার আর ৬ ছক্কায় ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দুবে। হার্দিক ২১ বলে ৩ ছক্কায় করেন ৩০। শেষপর্যন্ত ভারত পৌঁছয় ১৯৩ রানে।
জবাবে নেদারল্যান্ডস শুরুটা খারাপ করেনি। ৩৫ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয়। কিন্তু যত সময় গেছে ততই বল আর রানের ব্যবধান বাড়তে থাকে ডাচদের সঙ্গে। তাতেই শেষপর্যন্ত পেরে ওঠেনি। থামে ১৭৬ রান তুলে। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ৩ উইকেট নেন। শিবম দুবে অসাধারণ ব্যাটিংয়ের পর বল হাতে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হন। ১টি করে উইকেট পান জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া।


২২ ফেব্রুয়ারি আহমেদাবাদেই ভারত সুপার এইটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। কঠিন প্রতিপক্ষ। তার আগে খুব সাধারণমানের এই জয় অবশ্য কিছুটা হলেও চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *