অ্যাকশন দৃশ্য করতে গিয়ে ঘটল বিপত্তি, বড় বিপদে পড়লেন রাম চরণ
দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ রাম চরণ। এবার তাঁকে ঘিরেই ছড়িয়েছে উদ্বেগের খবর । সম্প্রতি স্পোর্টস ড্রামা ‘পেদ্দী ‘ ছবিটি নিয়ে জল্পনা তুঙ্গে। এই আবহেই ছবির শুটিং করতে গিয়ে আহত হয়ে পড়েন দক্ষিণী নায়ক রাম চরণ। বিশেষ করে গুজব রটে যে অভিনেতা তাঁর চোখে গুরুতর চোট লেগেছে। তবে খুব দ্রুতই সেই আতঙ্ক কাটিয়ে স্বস্তির খবর সামনে আসে।
পরিচালক বুচি বাবু সানার বহু প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা ‘পেদ্দী’-র শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্য শুট করছিলেন রাম চরণ। জানা গিয়েছে, দৃশ্যটি শারীরিকভাবে বেশ চ্যালেঞ্জিং ছিল এবং সেই সময়ই ঘটে দুর্ঘটনা। তাঁর চোখের উপরের অংশে আঘাত লাগে এবং চারটি সেলাইও পড়েছে। এই খবর তাঁর অনুরাগীদের মধ্যে আশঙ্কা তৈরি করলেও , রাম চরণের টিম দ্রুত জানিয়ে দেয় যে চোখ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং ভয় পাওয়ার কোনও কারণ নেই।
অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা গিয়েছে। চিকিৎসার পর খুব অল্প সময়ের মধ্যেই আবার শুটিংয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিনেতা। কোনও বিরতি না নিয়েই কাজ চালিয়ে যাওয়ার এই মানসিকতা তাঁর পেশাদারিত্বেরই প্রমাণ বলে মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকেই। ছবির শিডিউল টাইট থাকায় এবং নিজের প্রতিশ্রুতির জায়গা থেকে তিনি দ্রুত কাজে ফিরতে চেয়েছেন।
এদিকে, পেদ্দীর টিমও সোশ্যাল মিডিয়ায় একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে ভক্তদের আশ্বস্ত করেছে। তাঁরা জানিয়েছে, “এটি একটি ছোটখাটো দুর্ঘটনা ছিল এবং প্রয়োজনীয় চিকিৎসার পর অভিনেতা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। শুটিংয়ের কাজেও কোনও বড় ধরনের প্রভাব পড়েনি, নির্ধারিত সময়সূচি মেনেই সবকিছু এগোচ্ছে।” একই সঙ্গে গুজবে কান না দেওয়ার আবেদনও জানানো হয়েছে।
ছবিটিকে ঘিরে আগেই দর্শকের মধ্যে যথেষ্ট প্রত্যাশা তৈরি হয়েছে। স্পোর্টস-ভিত্তিক এই গল্পে রাম চরণকে এক ভিন্ন অবতারে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জাহ্নবী কাপুর , শিবা রাজকুমার , জগপতি বাবু সহ দিব্যেন্দু। ছবির সঙ্গীত পরিচালনা করছেন অস্কারজয়ী সুরকার এ.আর.রহমান, যা ছবির আবেগঘন দিককে আরও শক্তিশালী করে তুলবে বলেই আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, পেদ্দী ছবির মুক্তির তারিখেও পরিবর্তন আনা হয়েছে। প্রথমে ২৭ মার্চ মুক্তির পরিকল্পনা থাকলেও পরে তা পিছিয়ে ৩০ এপ্রিল করা হয়, যাতে বক্স অফিসে অন্য বড় ছবির সঙ্গে সংঘর্ষ এড়ানো যায় এবং ছবিটি আরও ভালোভাবে দর্শকের কাছে পৌঁছতে পারে।
সব মিলিয়ে, সামান্য চোট, গুজবের ঝড় সহ ভক্তদের উদ্বেগ সবকিছুকে পিছনে ফেলে আবার শুটিং -এ দাপিয়ে বেড়াচ্ছেন রাম চরণ । যা তাঁর কাজের প্রতি দায়বদ্ধতা, শৃঙ্খলা এবং তারকা হিসাবে দৃঢ় মানসিকতারই স্পষ্ট প্রমাণ দেয়।
