‘বিজেপিতে অভয়ার মা, খুব খুশি আমি’, নতুন বিতর্ক উস্কে দিলেন মৌবনী সরকার
বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছেন অভয়ার মা৷ জল্পনা রয়েছে এই নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে দেখাও যেতে পারে তাঁকে৷ এই জল্পনার মাঝে কী বললেন মৌবনী সরকার?
তিনি বলেন, “অভয়ার মা পলিটিক্যাল পার্টি বিজেপির হয়ে টিকিট পেলে, আমি খুব খুশি হব। বাসন্তীপুজোর প্রাক্কালে, মা দশটা হাতে যেন অভয়ার বিচার এনে দেন। আর ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে চিৎকার করতে পারছি না।”
ভোটমুখী বঙ্গে এধরনের পোস্ট করে কিসের ইঙ্গিত দিচ্ছে জাদুসম্রাট কন্যা মৌবনী সরকার?
ভোটের আগে টলিউডে যেন নতুন “পলিটিক্যাল ড্রামা”র ট্রেলার! সম্প্রতি অভয়ার মা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তার পর থেকেই তিনি রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন। শুধু তাই নয় বিনোদন জগতেও এই চর্চা জারি। আর সেই আলোচনায় এবার নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী মৌবনী সরকার।
ভোটের আবহেই অভয়ার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তখনও কেউ ভাবেনি বিষয়টি এত বড় রাজনৈতিক মোড় নেবে। অভয়ার মা নিজেই জানান তিনি পদ্মফুল শিবিরে যোগদান করেছেন। তারপর থেকেই গুঞ্জনের ঝড় তিনি কি তবে বিজেপির টিকিট পাচ্ছেন? এই প্রশ্নেই উত্তাল রাজনৈতিক মহল থেকে সোশ্যাল মিডিয়া। আর এই আবহেই সমাজমাধ্যমে নিজের মতামত জানিয়ে আলোচনায় উঠে এলেন মৌবনী।
তিনি সরাসরি লিখেছেন, “অভয়ার মা পলিটিক্যাল পার্টি বিজেপির হয়ে টিকিট পাচ্ছেন, এই আলোচনায় আমি খুব খুশি। মা দুর্গা বসন্তের পুজোতে দশটা হাতে যেন অভয়ার বিচার এনে দেন। এই প্রার্থনা করলাম। আমি ঠাকুর বিশ্বাসী, আর ‘উই ওয়ান্ট…’ বলে চিৎকার করতে পারছি না। মা দুর্গার চরণে এই ইচ্ছেটি তুলে দিলাম।”
বিনোদন জগতের তারকারা রাজনীতিতে মত প্রকাশ করবেন—এ নতুন কিছু নয়। তবে ভোটের মুখে এমন পোস্ট স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ায়। জাদুসম্রাট পি সি সরকারও দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও তাদের দলীয় নীতি ও কার্যকলাপে অসন্তুষ্ট হওয়ায় পরবর্তীতে তিনি পদ্মশিবিরে যোগদান করেন। তাহলে জাদুসম্রাট কন্যা মৌবনীর এই মন্তব্য কি তার বিজেপিতে সম্ভাব্য আগমনের ‘টিজার’?কেউ কেউ বলছেন তার এই মন্তব্য নাকি বুঝিয়ে দিচ্ছে তিনি আসলে গেরুয়াপন্থী । তবে মৌবনীর দিক থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
