৪০ বছর পর বিশ্বকাপে ইরাক! ঠিক হয়ে গেল ৪৮ দল! গ্রুপ অফ ডেথে কারা এ বার?

0


ফুটবল মানেই আবেগ, উত্তেজনা আর শেষ মুহূর্তের নাটকীয়তা। মেক্সিকোর গুয়াদালুপ স্টেডিয়ামে ইরাক ও বলিভিয়ার ম্যাচ যেন তারই এক জীবন্ত উদাহরণ হয়ে রইল। আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে ২-১ গোলে বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরল ইরাক। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ইরাকি ফুটবলারদের উল্লাসে মেতে ওঠা আর বিপরীতে বলিভিয়ার খেলোয়াড়দের চোখের জল-এই বৈপরীত্যই ফুটবলের আসল রূপ তুলে ধরল। ১৯৮৬ সালের পর এটাই ইরাকের দ্বিতীয় বিশ্বকাপ অংশগ্রহণ।ইরাকের যোগদানের মধ্যে দিয়ে চূড়ান্ত হয়ে গেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের তালিকা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। নতুন ফরম্যাটে ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল।


ইউরোপিয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে শেষ ৬টি দল বিশ্বকাপে জায়গা করে নেয়। বসনিয়া ও হার্জেগোভিনা, চেক প্রজাতন্ত্র, তুরস্ক এবং সুইডেন ইউরোপ থেকে এবং ইরাক ও কঙ্গো আন্তঃমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে টিকিট নিশ্চিত করে। ইতালির মতো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের বাদ পড়া এ বারের বাছাইপর্বের অন্যতম বড় চমক।


গ্রুপ বিন্যাসেও রয়েছে একাধিক ‘গ্রুপ অব ডেথ’। বিশেষ করে গ্রুপ ‘আই’-তে ফ্রান্স, সেনেগাল, নরওয়ে ও ইরাক-চারটি দলই শক্তিশালী হওয়ায় লড়াই জমে ওঠার সম্ভাবনা প্রবল। একইভাবে গ্রুপ ‘এফ’, ‘ডি’ ও ‘এইচ’-তেও প্রতিদ্বন্দ্বিতা হবে চোখে পড়ার মতো।
৪০ বছরের অপেক্ষা শেষে বিশ্বমঞ্চে ফেরা ইরাক তাদের অভিযান শুরু করবে ১৬ জুন নরওয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এরপর ফ্রান্স ও সেনেগালের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তাদের। ইতিহাস গড়া এই প্রত্যাবর্তন কতদূর এগোয়, এখন সেটাই দেখার।



২০২৬ বিশ্বকাপের গ্রুপ তালিকা (সংক্ষেপে) :
• গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র
• গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া
• গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
• গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক
• গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
• গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, সুইডেন
• গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
• গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
• গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক
• গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
• গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, কঙ্গো
• গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *