প্লেব্যাক ছাড়ার পর প্রথম পোস্ট অরিজিৎ সিং-এর, অনুষ্কা শঙ্করকে জানালেন ধন্যবাদ
প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট অরিজিৎ সিং-এর। কলকাতায় সেতারশিল্পী অনুষ্কা শঙ্করের সঙ্গে লাইভ পারফরম্যান্সের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শিল্পীকে শ্রদ্ধা জানালেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা শঙ্করের উদ্দেশ্যে অরিজিৎ লেখেন, “গতকাল রাতে কলকাতার মঞ্চে আমায় আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি সবসময়ই আপনার সঙ্গীতকে ভালোবেসেছি। আপনার সঙ্গে পারফরমেন্স সবসময়ই আমার কাছে এক সুন্দর অভিজ্ঞতা।”

রবিবার কলকাতায় নেতাজি ইন্ডোরের মঞ্চে, ভক্তদের মাঝে ধরা দিয়েছেন অরিজিৎ সিং। প্রয়াত সেতার সম্রাট রবিশঙ্করের মেয়ে অনুষ্কা শঙ্করের ‘ইন্ডিয়া ট্যুর’-এর একক অনুষ্ঠানে, অতিথিশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন তিনি। তাদের যুগলবন্দী মুগ্ধ করেছে সঙ্গীত অনুরাগীদের।
অনুষ্কা শঙ্কর মঞ্চে অরিজিৎকে আহ্বান জানাতে উচ্ছ্বাস ও করতালিতে মেতে ওঠে ভক্তরা। মঞ্চে উঠে তিনি বলেন, “আমি খুবই নার্ভাস…আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।” এই বিশেষ সন্ধ্যায় অনুষ্কা শঙ্করের সেতারে সুরে এবং বিক্রম ঘোষের তবলায় অরিজিৎ পরিবেশন করেন পণ্ডিত রবি শঙ্করের সৃষ্টি করা ‘মায়া ভরা রাতি’। ধ্রুপদী সুরের জাদুতে মেতে ওঠে দর্শকমহল।
এই দিনের অনুষ্ঠানের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে অনুরাগীদের প্রতিক্রিয়ায় ভরে ওঠে সমাজমাধ্যম। প্লেব্যাক সঙ্গীত থেকে অবসর ঘোষণার পর এই প্রথম, প্রিয় গায়ককে মঞ্চে লাইভ পারফর্ম করতে দেখে উচ্ছ্বসিত ভক্তরা।
