রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জ্ঞাপন আশা ভোঁসলেকে, লোয়ার পারেলে ভিড় তারকা-অনুরাগীদের
ভারতীয় সঙ্গীত জগতের এক যুগের অবসান। প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। সোমবার সকালে মুম্বইয়ের লোয়ার পারেলের বাসভবনে রাখা হয় তাঁর মরদেহ, যেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হন, পরিজন, অনুরাগী থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা। তাঁকে সম্মান জানিয়ে, জাতীয় পতাকায় জড়িয়ে তাঁর মরদেহ রাখা হয়েছিল কাচের কফিনে। চারদিকে ছিল সাদা ফুলের সাজ।
পুষ্প স্তবক দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। পাশাপাশি দেখা যায় সচিন তেন্ডুলকর, তব্বু, রিতেশ দেশমুখ, সহ বহু বিশিষ্ট ব্যক্তিকে।
দুপুর পর্যন্ত লোয়ার পারেলের বাসভবনে শ্রদ্ধা জানানোর পর বিকেল ৪টের সময়ে শিবাজী পার্কে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। রাষ্ট্রীয় সম্মানেই শেষ বিদায় দেওয়া হয় সুরসম্রাজ্ঞীকে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শ্বাসকষ্ট ও বুকে সংক্রমণের পর অবস্থার অবনতি ঘটে, এবং ১২ এপ্রিল ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকদের মতে, একাধিক অঙ্গ বিকল হওয়াই মৃত্যুর কারণ। আট দশকেরও বেশি দীর্ঘ কেরিয়ারে ১০-১২ হাজারেরও বেশি গান উপহার দিয়েছে তিনি, যা তাঁকে ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।
