রঞ্জির কোয়ার্টারে আকাশ দীপ, মুকেশ কুমাররা জ্বলে উঠলেও বাংলাকে চাপেই রাখল আন্ধ্রা প্রদেশ
রঞ্জি ট্রফির নকআউট পর্বে নতুন স্বপ্ন নিয়েই শুরু করেছে লক্ষ্মীর দল। প্রথম দিন অবশ্য খেলার পাল্লা বোঝা মুশকিল। টসে জিতে আন্ধ্রা প্রদেশকে ব্যাট করতে পাঠান অভিমন্যু ঈশ্বরণরা। তাতেই প্রথম দিনের শেষে আন্ধ্রা প্রদেশের স্কোর ৬ উইকেট হারিয়ে ২৪৬। কল্যাণীতে কোয়ার্টার ফাইনালে মুকেশ কুমার, আকাশ দীপদের বোলিংয়ের সামনে সমান তালে লড়াই চালালেন যেন আন্ধ্রার ব্যাটাররা।তাতে নিশ্চিন্ত থাকার উপায় নেই বাংলার। কারণ, শনিবার আরও স্কোর বাড়নোর চেষ্টা জারি থাকবে বিপক্ষ দলের।
এদিন প্রথম ঘণ্টার খুব সাবধানেই এগোয় আন্ধ্রার ব্যাটাররা। ওপেনিং জুটিতে তোলে ৫৮ রান। প্রথম ঝটকাটা দেন আকাশ দীপ। ১৮ রানের মাথায় ফেরান অভিষেক রেড্ডিকে। এরপর শ্রীকর ভরত ও সাইক রশিদকে ফেরান মুকেশ কুমার। শামির শিকার হন চেঙ্গালপেট জ্ঞানেশ্বর।এরমধ্যেই লড়াই চালিয়ে যান আন্ধ্রা প্রদেশের অধিনায়ক-ব্যাটার রিকি ভুঁই। তাঁর ব্যাটে ভর করেই আড়াইশো রানের গণ্ডি টপকে যায় আন্ধ্রা। ১৭৪ বলে ৮৩ রানে আকাশ দীপের বলে আউট হন রিকি। নীতিশ কুমার রেড্ডি করেন ৩৩ রান। তাঁকে ফেরান মুকেশ কুমার। শেষপর্যন্ত ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৪ করে আন্ধ্রা। দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন ত্রিপুরানা বিজয় (১) কেভি শশীকান্ত (৭) রানে।
বাংলার হয়ে মহম্মদ শামি ১৭ ওভার হাত ঘুরিয়ে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন। মুকেশ কুমার ১৮ ওভারে ৫০ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। অন্যদিকে আকাশ দীপ ১৭ ওভারে ৬৪ রান দিয়ে নেন ২ উইকেট। দলের একমাত্র স্পিনার শাহবাজ আহমেদ কোনও উইকেট পাননি।
দ্বিতীয় দিন বাংলার প্রথম লক্ষ্যই থাকবে কত দ্রুত আন্ধ্রা প্রদেশকে অলআউট করা যায়।
