বর্তমানে যা হানাহানি, হিংস্রতা, এই সময়ে একজন নন্দিনীর দরকার: চৈতি
বর্তমান সমাজে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের কালজয়ী নাটক ‘রক্তকরবী’ আজও প্রাসঙ্গিক। যেখানে মানুষ ক্রমশ যান্ত্রিক জীবনে আবদ্ধ সেখানে নন্দিনীর মতো চরিত্র আজকের দিনেও কি ভালোবাসতে , প্রতিবাদ করতে এবং স্বাধীনচেতা হতে শেখায় ? কোন বার্তাকে সামনে রেখে বর্তমান যুগেও ‘রক্তকরবী’ -র মতো নাটককে মঞ্চস্থ করেন চৈতি ঘোষাল ?
সম্প্রতি অনুষ্ঠিত ২৫ তম ভারত রং মহোৎসবে চৈতি ঘোষালের নির্দেশনায় ‘অফ বিট’ নাট্যদলের প্রযোজনায় মঞ্চস্থ হয় রক্তকরবী। আগেও তিনি তৃপ্তি মিত্র ও গৌতম হালদারের হাত ধরে বহুবার ‘নন্দিনী’ চরিত্রটি উপস্থাপন করেন। তবে এবার তিনি শুধু ‘নন্দিনী’ হিসাবে নয় ,বরং নাটকটির নির্দেশকের আসনেও রয়েছেন। চৈতি ঘোষালের এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তাঁর বাবার প্রতিষ্ঠিত নাট্যদল ‘অফ বিট’-এর পুনরুজ্জীবন। দীর্ঘদিন পর এই দল নতুন করে সক্রিয় হয়ে উঠেছে এবং রক্তকরবী প্রযোজনার মাধ্যমে আবারও নাট্যমঞ্চে নিজেদের শক্তিশালী উপস্থিতি জানান দিয়েছে।
আডিশনের পক্ষ থেকে নেওয়া সাক্ষাৎকারে চৈতি ঘোষাল জানিয়েছেন , ” নন্দিনী চরিত্রটি আমার কাছে অত্যন্ত বিশেষ একটি চরিত্র। শুধু তাই নয় এই চরিত্রটিতে যারাই অভিনয় করেছে তাদের নিজেরদের মতো করে সকলের কাছেই চরিত্রটি শ্রেষ্ঠ। আমি বহুবছর ধরে এই চরিত্রে অভিনয় করছি,তবে এইবার রক্তকরবী আমার নিজের পরিচালনায়। সম্পূর্ণ ভাবনা , সম্পাদনার কাজ থেকে শুরু করে জামাকাপড়,অভিনয় সবকিছুই সম্পূর্ণ আলাদা।”
তিনি আরও জানান , “সম্প্রতি যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে সকালবেলা খবরের কাগজ খুললেও শুধু বড়ো বড়ো অক্ষরে লেখা থাকে যুদ্ধ। যেই দেশে আমিও রক্তকরবী অভিনয় করে এসেছি আজ সেই দেশকে চেনা যায় না। মানুষ মানুষকে হানছে ,খুনোখুনি চলছে , হিংস্রতা , রক্তপাত কোনোকিছুই বাদ যাচ্ছে না সেইসময় একটা নন্দিনীর প্রয়োজন আছে। যারা মনের কথা প্রকাশ না করে ভেতরে গুমড়োচ্ছে তাদের কথা ১০০ বছর আগেই রবীন্দ্রনাথ বলে গিয়েছেন। তবে ভাল লাগে এখনও ভাল কাজের পাশে যখন মানুষ থাকে এবং ভালোবাসা দেয়।”
চৈতি ঘোষালের পুত্র অমর্ত্য রায় বলেন,”রক্তকরবী ১০০ বছর আগেও যতটা প্রাসঙ্গিক ছিল এখনও ততটাই প্রাসঙ্গিক এবং আগামী দিনেও ততটাই প্রাসঙ্গিক থাকবে। আমার মা এটাকে প্রথমবার নিজে পরিচালনা করেছেন সঙ্গে দেবজ্যোতি মিশ্র নাটিকটিতে খুব সুন্দর আবহ সঙ্গীত দিয়েছে। অফ বিট দলটি প্রধানত আমার দাদুর দল।”
তার পরিচালনায় নাটকটিতে অভিনেতা দেবেশ রায় চৌধুরী ,অশোক মজুমদার ,অমর্ত্য রায়,অভিনেত্রী মিতালী ঘোষ অভিনয় করেছেন। আগামী ৪ এপ্রিল কলকাতার রবীন্দ্রসদনে আবারও মঞ্চস্থ হবে চৈতি ঘোষালের পরিচালনায় রক্তকরবী। নাট্যপ্রেমীদের জন্য এটি হতে চলেছে এক বিশেষ আকর্ষণ , যেখানে ক্লাসিক সাহিত্যের সঙ্গে আধুনিক ভাবনার এক অনন্য মেলবন্ধন দেখা যাবে।
