বিপদ্মুক্ত হতে আরও কিছুটা সময় লাগবে, আইসিইউতে ভর্তি স্বামী অগ্নিদেবের অবস্থা জানালেন সুদীপা
সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। এই মুহূর্তে তাঁর শারীরিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন চিকিৎসকরা। শনিবার হঠাৎই পরিচালকের শারীরিক অবস্থার অবনতি দেখে তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় তড়িঘড়ি তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সুদীপা জানান,বর্তমানে আগের তুলনায় তিনি ভাল আছেন। তবে আরো ২৪ ঘণ্টা পার করলে তবেই বলা যাবে বিপদ কেটেছে কিনা।
অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন ,”আজ ভাল আছে,তবে চিকিৎসকরা বলেছেন রাত পুরোপুরি না কাটলে বিপদ কেটেছে কিনা পুরোপুরি বলা যাবে না। আজ রাতে যদি কিছু না হয় তাহলে বলা যাবে যে উনি ধাক্কা সামলে নিতে পেরেছেন।তার আগে আমরা কিছুই বলতে পারবো না,কারণ আজ ভাল বলার পর কিছু ঘটলে আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না।”
তিনি আরও জানান , “স্ট্রোক কখনও হঠাৎ আসে না, ইঙ্গিত দেয়। আমরা সেগুলো ধরতে পারি না। অগ্নিদেবের সময়ই দু’দিন ধরে মাথা ব্যথা হচ্ছিল, শিরা ফুলে যাচ্ছিল। আমরা মাইগ্রেন ভেবে এড়িয়ে গেছিলাম। পরে এই বিপদ ঘটে। যখন বাঁদিকে চোখে কিছু দেখতে পারছিল না এবং দাঁড়াতেও পারছিল না, তখন বুঝলাম কিছু একটা হয়েছে।” তার কথায়, বর্তমানে অগ্নিদেব আইসিইউ-তে থাকলেও স্থিতিশীল আছেন। তবে চিকিৎসকরা জানান , এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে না।
প্রসঙ্গত , টলিপাড়ায় একের পর এক দুর্ঘটনার মধ্যে শনিবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়।প্রথমে বিষয়টি বোঝা যায়নি,কিন্তু ধীরে ধীরে অবস্থার অবনতি হয় এবং উদ্বেগজনক উপসর্গ দেখা দিতে শুরু করে। পরিস্থিতি জটিল বুঝতে পেরে দ্রুত স্বামীকে হাসপাতালে ভর্তি করেন স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। প্রাথমিক ভাবে এমআরআই রিপোর্টে স্ট্রোকের বিষয়টি ধরা পড়ে। চিকিৎসকদের মতে ,শুক্রবারই প্রথম অ্যাটাক হয়েছিল। এরপর একাধিকবার ছোট ছোট অ্যাটাক হতে থাকে,যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। স্বামীর হঠাৎ অসুস্থতায় ভেঙে পড়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। ছোট ছেলে আদিদেব বাড়িতে থাকায় সব সময় হাসপাতালে থাকতে পারছেন না তিনি। তবে অসুস্থ অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পাশে রয়েছেন বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়।
উল্লেখ্য ,‘চোর’ নামের একটি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন পরিচালক। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জীতু কমলকে।তবে সুদীপার অনুমান , পরিচালকের এই অসুস্থতার কারণ শুটিং সংক্রান্ত অতিরিক্ত চাপ। ছবিটির শুটিং সাধারণত ১২ দিন হওয়ার কথা ছিল,কিন্তু অভিনেতার ডেট নিয়ে সমস্যা হওয়ার কারণে দিনরাত এক করে কাজ করায় শরীরে প্রভাব পড়েছে।
বর্তমানে অগ্নিদেব কথা বলতে পারছেন বলে জানিয়েছেন স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। শুধু চোখের দিকটা ব্যথা আছে বলে জানিয়েছেন।
