দ্বন্দ্ব মিটল বিচ্ছেদে! ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ছাড়লেন দিতিপ্রিয়া, কী জানালেন অভিনেত্রী

0

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য-অপর্ণা হয়তো থাকবে, বাস্তবে জিতু কমল আর দিতিপ্রিয়া রায় এক হয়ে কাজে থাকতে পারলেন না। বাস্তবে নায়ক-নায়িকার দ্বন্দ্বের শেষ হল বিচ্ছেদেই। জনপ্রিয় ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ফলে, ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে ‘অপর্ণা’র ভূমিকায় আর দেখা যাবে না দিতিপ্রিয়াকে। সোমবার বেলাতেই আর্টিস্ট ফোরামকে ইমেল করে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন দিতিপ্রিয়া নিজেই। এক সময় জিতুর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন এই অভিনেত্রী, তবে ধারাবাহিক ছাড়ার ক্ষেত্রে নিজের অসুস্থতার কথাই জানিয়েছেন দিতিপ্রিয়া। অভিনেত্রী জানিয়েছেন শারীরিক ও মানসিক অপারগতার জন্য তিনি আর সিরিয়ালটি করতে পারছেন না। আর্টিস্ট ফোরামও তাঁকে কোনওরকম জোরাজুরি করা অনৈতিক বলে মনে করেছে।

আর্টিস্ট ফোরামের পক্ষে বিবৃতিতে জানানো হয়েছে, গত ২২ নভেম্বর ফোরাম অফিসে জীতু ও দিতিপ্রিয়ার বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়। হাজির ছিলেন সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা, দিতিপ্রিয়া রায়, জীতু কমল ও আর্টিস্ট ফোরামের কার্যকরী সমিতির সদস্যরা। সেই সভায় দিতিপ্রিয়া সাফ জানান, এই সিরিয়ালে তিনি আর ভবিষ্যতে কাজ করতে চান না।

টেকনিশিয়ান-সহ বাকিদের স্বার্থের কথা ভেবে দিতিপ্রিয়াকে সিদ্ধান্ত পুর্নবিবেচনার আবেদন জানানো হয়। তাতে অবশ্য  সায় দেননি নায়িকা।
প্রযোজনা সংস্থার সঙ্গে দিতিপ্রিয়ার কোনও লিখিত চুক্তি নেই। তাই ফোরামের নিয়ম অনুয়ায়ী কাজ ছাড়ার আগে দু-মাসের নোটিশ পিরিয়ড দেওয়ার কথা নায়িকার। তবে শারীরিক ও মানসিক অপারগতার কারণ দেখিয়ে সেই নিয়ম শিথিল করতে আর্জিও জানান দিতিপ্রিয়া। এরপর ফোরামের তরফে তাঁকে ১৫ দিনের নোটিশ পিরিয়ড দেওয়ার কথা বলা হয়েছিল।

দু’জনের নানা মনোমালিন্যের পর অভিনেতা জিতু কমল ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়া সিদ্ধান্ত নিলেও পরে চ্যানেলের হস্তক্ষেপে আবার ধারাবাহিক শুরু করেন তিনি। তবে জিতু কমল ফের ধারাবাহিকে যোগদানের পরই জানা যায়, মহিলা কমিশন এবং আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শুরু হয় জলঘোলা। সমস্যা মেটাতে দু’জনকেই বসানো হয় আলোচনায়। নায়ক-নায়িকার দ্বন্দ্ব এত দূর গড়াবে, কেউ হয়তো ভাবেননি।
দিতিপ্রিয়া ছেড়ে দেওয়া বড় ধাক্কা সিরিয়ালের জন্য। ধারাবাহিকটি চালিয়ে নিয়ে যাওয়া বা না নিয়ে যাওয়ার পুরোটাই এখন নির্ভর করছে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষের উপর। ফোরামের তরফে আবেদন জানানো হয়েছে, এই সিরিয়ালটি যেন চালু থাকে, যাতে সহ-শিল্পী এবং কলাকুশলীদের আর্থিক নিরাপত্তায় কোনওরকম সমস্যা না হয়। ধারাবাহিকটি চালিয়ে যেতে হলে দিতিপ্রিয়ার পরিবর্তে নতুন নায়িকা দরকার। কে হবেন নতুন ‘অপর্ণা’ তা নিয়েও অবশ্য কৌতূহল শুরু হয়েছে দর্শকদের মধ্যে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *