‘ডন ৩’ নিয়ে ঘিরে বিতর্ক! প্রযোজক সংগঠনের গোপন বৈঠকে কী এল সামনে?

0

২০২৩ সালের অগস্টে, এক্সেল এন্টারটেইনমেন্ট  ‘ডন ৩’ সিনেমার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। যেখানে রণবীর সিংকে আইকনিক ফ্র্যাঞ্চাইজির নতুন মুখ হিসেবে উন্মোচিত করা হয়। সেই ঘোষণার ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার ঝড় ওঠে। শোনা গিয়েছিল, ২০২৬ সালে শুটিং শুরু হওয়ার কথা ছিল এই অ্যাকশন ছবির।

কিন্তু কিছুদিন আগেই জানা যায়, ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। বিষয়টি নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে শুরু হয় তীব্র চর্চা। বলিউড হাঙ্গামা সূত্রে খবর, এই ঘটনায় প্রযোজক সংগঠন প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়ার উদ্যোগে পরপর দুটি গুরুত্বপূর্ণ  বৈঠক হয়।

প্রথম বৈঠকটি হয় সাম্প্রতিক ঘটনার প্রায় এক সপ্তাহ আগে। সেখানে উপস্থিত ছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা- সহ একাধিক প্রভাবশালী প্রযোজক। রণবীর সিংয়ের প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যাওয়ার পিছনের কারণ এবং প্রাক-প্রযোজনা পর্যায়ে কোনও ছবি ভেস্তে গেলে প্রযোজকদের কী ক্ষতি হয়, সেই নিয়েই আলোচনা হয়।

এরপর ৭ ফেব্রুয়ারি, শনিবার আরও একটি বিস্তারিত বৈঠক হয় প্রোডিউসার্স গিল্ডের তত্ত্বাবধানে। সেখানে হাজির ছিলেন আমির খান, সিদ্ধার্থ রায় কাপুর, রমেশ তৌরানি, কুমার তৌরানি-সহ ইন্ডাস্ট্রির একাধিক প্রভাবশালী ব্যক্তি। এক্সেল এন্টারটেইনমেন্টের তরফে ফারহান আখতার ও রীতেশ সিদ্ধওয়ানি তাঁদের বক্তব্য গিল্ডের সামনে তুলে ধরেন।

অন্যদিকে রণবীর পক্ষের পাল্টা দাবি, দীর্ঘ প্রায় তিন বছর ধরে ছবির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন অভিনেতা। ফারহান আখতার একাধিক প্রোজেক্টে ব্যস্ত থাকায় ‘ডন ৩’ সৃজনশীলভাবে পিছিয়ে পড়ছিল। পাশাপাশি, চুক্তির সময় যে উচ্চমানের চিত্রনাট্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটার সঙ্গে পরবর্তী চিত্রনাট্যের মিল পাচ্ছিলেন না রণবীর। তবে এক্সেল এন্টারটেইনমেন্টের পক্ষের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন ছবি।  শুটিং চলাকালীন নাকি সাতটি ভ্যানিটি ভ্যানের দাবি করেছিলেন অভিনেতা, যার মধ্যে দু’টি শুধুমাত্র তাঁর টিমের জন্য। সূত্রের দাবি, স্ক্রিপ্টের অসন্তোষের দাবির বিরোধিতা করে নথিপত্রও উপস্থাপন করেছেন ফারহান। রণবীরের ব্যবহার ও নানা দাবি নিয়েও আপত্তি জানান তিনি।

এক্সেল এন্টারটেইনমেন্ট গিল্ডকে আরও জানিয়েছে যে রণবীরের চলে যাওয়ার ফলে প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে, যার ক্ষতিপূরণও দাবি করেছেন তারা। সূত্রের দাবি, রণবীর সিং এই দাবির তীব্র বিরোধিতা করছেন। সব মিলিয়ে, ‘ডন ৩’ ঘিরে ফারহান আখতার ও রণবীর সিংয়ের দ্বন্দ্ব এখন বলিউডের অন্দরমহলে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *