৭ গোল! আইএসএলে ইতিহাস গড়ে ইস্টবেঙ্গল সপ্তম স্বর্গে! অন্ধকারে তলিয়ে গেল সাদা কালো ব্রিগেড

0

আইএসএলে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। যুবভারতীতে মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে শুধু বড় জয়ই নয়, টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের নজিরও ছুঁয়ে ফেলল অস্কার ব্রুজোর দল। জোড়া গোল করলেন ইউসেফ এজেজারি ও আনোয়ার আলি। এছাড়া সল ক্রেসপো, পিভি বিষ্ণু ও নন্দকুমার একটি করে গোল করেন।


টানা তিন ম্যাচে জয়হীন থাকার পর চাপে ছিলেন কোচ অস্কার ব্রুজো। তবে দুর্বল মহমেডানকে সামনে পেয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইস্টবেঙ্গল। ম্যাচের ৬ মিনিটে আনোয়ার আলির দূরপাল্লার শটে গোল করে এগিয়ে যায় লাল হলুদ।১৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ইউসেফ। প্রথমার্ধের শেষদিকে আরও একটি পেনাল্টি পেয়ে গোল করেন ক্রেসপো।

বিরতিতে ৩-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল।৩৫ মিনিটে লাল কার্ড দেখে দশজনে নেমে আসে মহমেডান, যা ম্যাচের মোড় পুরো ঘুরিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে কার্যত ভেঙে পড়ে সাদা কালো রক্ষণ। ৫৫ মিনিটে আরও একটি পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ইউসেফ। এরপর বিষ্ণু, আনোয়ার ও শেষদিকে নন্দকুমারের গোলে ব্যবধান দাঁড়ায় ৭-০।


এই জয়ের ফলে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এল ইস্টবেঙ্গল। একই সঙ্গে এটাই তাদের আইএসএলে সবচেয়ে বড় জয়, যা ২০১৫ সালে এফসি গোয়ার ৭-০ ব্যবধানে জয়ের রেকর্ডের সমতুল্য। তবে বড় জয় সত্ত্বেও কিছু খামতি রয়ে গিয়েছে। গোটা ম্যাচে ২০টির বেশি কর্নার পেলেও সেট-পিস থেকে গোল তুলনামূলক কম। আরও বড় ব্যবধানে জয়ের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি লাল হলুদ আক্রমণভাগ। অন্যদিকে, লিগে এখনও পয়েন্টশূন্য মহমেডান স্পোর্টিংয়ের হতাশাজনক পারফরম্যান্স প্রশ্ন তুলে দিচ্ছে তাদের কৌশল ও দলগঠনের ওপর।রক্ষণ থেকে মাঝমাঠ-সব ক্ষেত্রেই ছন্নছাড়া ফুটবল খেলেছে তারা। সব মিলিয়ে, একতরফা এই ম্যাচে আত্মবিশ্বাস ফিরে পেল ইস্টবেঙ্গল। তবে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই প্রকৃত পরীক্ষা উতরে যাবে অস্কার ব্রুজোর দল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *