আইএসএলের শুরুতেই স্প্যানিয়ার্ডের জোড়া গোলে লাল হলুদ সমর্থকরা দেখতে শুরু করলেন স্বপ্ন

0

এ যেন নতুন ইস্টবেঙ্গল! লাল হলুদ সমর্থকদের স্বপ্ন দেখাতে এসে গেছেন যেন নয়া বিদেশি ইউসেফ এজেজ্জারি। তিনিই প্রথম ম্যাচে জোড়া গোলের নায়ক। তাঁর দাপটেই নিজেদের প্রথম ম্যাচেই নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-০ গোলে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। অন্য গোলটি করলেন মিগুয়েল।


খেলার প্রথমার্ধে কোনও গোল আসেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই।দ্বিতীয়ার্ধেই এজেজ্জারি ম্যাজিক দেখালেন। ম্যাচের ৬৫ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে প্রথম এগিয়ে দেন এজ়েজ্জারি।  অনেকটা দৌড়ে জিকসন বল বাড়ান বিপিন সিংকে। সেখান থেকে ক্রস বাড়ান বিপিন। বলে মাথায় ঠেকিয়ে দলের ও তাঁর প্রথম গোলটি করেন ইউসেফ।৫ মিনিটের মধ্যেই ফের ব্যবধান বাড়িয়ে দিয়ে দলের ও নিজের দ্বিতীয় গোলও করেন ইউসেফ। বাঁ দিক থেকে বল নিয়ে এগিয়ে যান বিপিন সিং। সেখান থেকে তিনি বল বাড়ান আনোয়ার আলিকে। কোনও ভুল না করে আনোয়ার বলটা দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাড়ান এডমুন্ডকে। তিনি কিছুটা এগিয়ে গেলেও পিছিয়ে এসে বলটা দেন গোলপোস্টের সামনে দাঁড়িয়ে থাকা ইউসেফ এজেজারিকে। তিনি জালে বল ঠেলতে কোনও ভুল করেননি। তাতে দলের জয় নিশ্চিত হয়ে যায় প্রায়।

তবে তাতেও হাল ছাড়েনি লাল হলুদ ব্রিগেড। অতিরিক্ত সময়ে ফের গোল করে ব্যবধান ৩-০ করে ইস্টবেঙ্গল। গোলটি করেন মিগুয়েল। বিষ্ণুর থেকে বল পেয়ে বাঁ দিক থেকে সেকেন্ড পোস্টে মাটি ঘেঁষা শটে গোল মিস হয়নি মিগুয়েলের। তাতেই খুশির উচ্ছ্বাসে ভাসেন লাল হলুদ সমর্থকরা। তবে সপ্তাহের প্রথম কাজের দিনে, যুবভারতী ভরতে দেখা যায়নি।  মাঠে মোট দর্শক সংখ্যা ছিল ১৮ হাজার ৬৩৬ জন। পরে অবশ্য রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও কিছু ইস্টবেঙ্গল সমর্থক গ্যালারি ভরান। প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জয় পাওয়ায় বেশ স্বস্তিতে দলের কোচ অস্কার ব্রুজোও। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য এই ম্যাচে খেলেননি কেভিন সিবিলে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *