টি২০ বিশ্বকাপে ইংল্যান্ড, শ্রীলঙ্কার সুপার এইট নিশ্চিত, চাপে অস্ট্রেলিয়া, আফগানরা
টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বিপদের মুখে ঠেলে দিয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলল অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় লঙ্কাবাহিনী। এই জয়ের ফলে বি গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকছে শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জিম্বাবোয়ে। তিনে থাকা অস্ট্রেলিয়ার হাতে মাত্র ২ পয়েন্ট। সমান ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আয়ারল্যান্ড। আর তলানিতে থাকা ওমানের সংগ্রহে নেই কোনো পয়েন্ট। পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচ তো জিততেই হবে, সেই সঙ্গে বসতে হবে নেট রানরেটের হিসাব-নিকাশে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১৮১রান তোলে। ১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩ বলে ১ রান করে আউট হন কুশল পেরেরা। এরপরও দলকে চাপে পড়তে দেননি ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। এই দুই ব্যাটার মিলে গড়েন ৯৭ রানের বিশাল জুটি। তাতেই জয়ের দিকে এগোতে থাকে লঙ্কানরা। অর্ধশতরান পূরণের পর ৩৮ বলে ৫১ রানে আউট হন মেন্ডিস। অন্যদিকে টি-টোয়েন্টি এবারের টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরি তুলে নেন পাথুম নিশাঙ্কা। ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৫২ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১০টি চার ও পাঁচটি ছয়ে সাজানো।
আর এক ম্যাচে ইডেনে ইতালিকে হারিয়ে ইংল্যান্ড পৌঁছেছে ইংল্যান্ড। তবে এদিন ইংল্যান্ডকে ভয় ধরিয়ে দিয়েছিল ইতালি। ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তারা সমীকরণটা নামিয়ে এনেছিল ১২ বলে ৩০ রানে। যদিও শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মেনেছে ইতালি। ২৪ রানে হারিয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটও নিশ্চিত হয়েছে থ্রি লায়ন্সদের। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০২ রান তোলে ব্রিটিশরা। জবাবে ১৭৮ রানে অলআউট হয়েছে ইতালি। এদিকে, ইডেনে ম্যাচ চলাকালীন মাঠে ব্যাটারের মারা বল গ্যালারিতে গিয়ে পড়লে এক মহিলা দর্শক আহত হন। ঘটনার পর স্টেডিয়ামে উপস্থিত মেডিকেল টিম দ্রুত সেখানে পৌঁছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
অন্যদিকে তৃতীয় ম্যাচে এসে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল আফগানরা। তাতে টিকে রইল সুপার এইটের স্বপ্ন। আজমতউল্লাহ ওমরজাইয়ের অলরাউন্ড নৈপুণ্যে আরব আমিরশাহিকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬০ রান করে আরব আমিরশাহি। শেষ ৬ ওভারে ৬১ রান দরকার ছিল তাদের। শেষ পর্যন্ত ওমরজাইয়ের ঝোড়ো ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে আফগানরা। ২১ বলে ২ চার এবং ৩ ছক্কায় ৪০ রানে অপরাজিত ছিলেন ওমরজাই। ৩ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আফগানিস্তান। রশিদদের শেষ আটে ওঠা নির্ভর করছে একাধিক সমীকরণের ওপর। আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। তিনিই হলেন প্রথম বোলার। ৫১৩ ইনিংসে ৬.৫৯ ইকোনমিতে নিয়েছেন ৭০০ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দুইয়ে থাকা ডোয়াইন ব্রাভোও অনেক পিছিয়ে রশিদের চেয়ে। ব্রাভো ৬৩১ উইকেট নিয়েছেন ৮.২৬ ইকোনমিতে।
