মদ্যপ অবস্থায় গাড়ি চালানো! পিএসএলে খেলার মাঝেই গ্রেপ্তার অজি তারকা ডেভিড ওয়ার্নার!

0

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলার মাঝেই বিতর্কে জড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩৯ বছর বয়সী এই তারকা ওপেনারকে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার মারউব্রা এলাকায় নিয়মিত তল্লাশির সময় পুলিশ ওয়ার্নারের গাড়ি থামায়। ব্রিদ অ্যানালাইজার পরীক্ষায় দেখা যায়, তিনি আইনি সীমার চেয়ে অনেক বেশি অ্যালকোহল নিয়েছেন। পরে থানায় নিয়ে গিয়ে দ্বিতীয়বার পরীক্ষায় তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা ধরা পড়ে ০.১০৪, যা নিউ সাউথ ওয়েলসের নির্ধারিত সীমার দ্বিগুণেরও বেশি।
আইন অনুযায়ী, ০.০৮ থেকে ০.১৪৯ মাত্রার অ্যালকোহল থাকলে তা ‘মিড-রেঞ্জ’ অপরাধ হিসেবে গণ্য হয়। সেই ধারাতেই ওয়ার্নারের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আগামী ৭ মে সিডনির আদালতে তাঁকে হাজিরা দিতে হবে। যদিও এই ঘটনার জেরে পিএসএলে তাঁর অংশগ্রহণে তেমন প্রভাব পড়ছে না বলেই জানা গেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তিনি পাকিস্তানে ফিরবেন এবং ৯ এপ্রিল করাচি কিংসের হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। পিএসএলের ফাইনাল ৩ মে হওয়ায় টুর্নামেন্ট চলাকালীন তাঁর আইনি জটিলতায় পড়ার আশঙ্কাও কম। বর্তমানে করাচি কিংস দুর্দান্ত ফর্মে রয়েছে। তিনটি ম্যাচ খেলে সবকটিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষের দৌড়ে রয়েছে তারা। ব্যাট হাতেও ভালো ছন্দে রয়েছেন ওয়ার্নার-তিন ম্যাচে করেছেন ৩৫, ৮ ও ৫০ রান। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এই বিতর্ক যে তাঁর ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য। এখন নজর আদালতের রায় ও তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *