সুর থামতেই ভেঙে পড়ল মন! আশা ভোঁসলের বিদায়ে শোকস্তব্ধ প্রাক্তন অজি পেসার ব্রেট লি
আশা ভোঁসলের কণ্ঠে যে প্রজন্ম বড় হয়েছে, তাঁদের কাছে তাঁর প্রয়াণ শুধুই এক শিল্পীর বিদায় নয়-এ এক আবেগের অবসান। সেই অনুভূতিই যেন প্রতিধ্বনিত হল অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ব্রেট লির কথায়। ‘আশাজির গান শুনেই বড় হয়েছি… মনের অবস্থা যেমনই হোক না কেন, তাঁর কোনো না কোনো গান যেন সবকিছুর সঙ্গেই মিলে যেত। আজ মনে হচ্ছে, আমাদের বেড়ে ওঠার একটা অংশ যেন চিরতরে স্তব্ধ হয়ে গেল’-সমাজ মাধ্যমে এই আবেগঘন বার্তাতেই নিজের শোক প্রকাশ করেছেন লি।
ক্রিকেট আর সঙ্গীত, দুই ভুবনের এই অদ্ভুত মেলবন্ধনের সাক্ষী ছিল ২০০৭ সালের সেই জনপ্রিয় গান ‘ইউ আর দ্য ওয়ান ফর মি’। আশা ভোঁসলের সঙ্গে যুগলে চমকে দিয়েছিলেন ব্রেট লি। সেই গান শুধু দুই তারকার অপ্রত্যাশিত সহযোগিতাই নয়, হয়ে উঠেছিল এক অনন্য স্মৃতি, যা আজও সমান উজ্জ্বল। ব্রেট লি নিজের আত্মজীবনী ‘মাই লাইফ’এও সেই অভিজ্ঞতার কথা লিখেছিলেন। ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতে এসে গোপনে মিউজিক ভিডিওর শুটিং, সতীর্থদের না জানিয়ে অন্য এক জগতে পা রাখা-সবটাই ছিল তাঁর কাছে এক রোমাঞ্চকর অধ্যায়। পরে সিডনি অপেরা হাউসে আশার সঙ্গে পুনর্মিলন, তাঁর হাতে লেখা বার্তাসহ অ্যালবাম উপহার এই স্মৃতিগুলিই আজ আরও মূল্যবান হয়ে উঠেছে লির কাছে। লি লিখেছিলেন, ‘আশাজি অসাধারণ ভদ্রমহিলা…কী দারুণ রসবোধ! এত অর্জনের পরেও ভীষণ সাদাসিধে।’ এমনকি তাঁকে তিনি তুলনা করেছিলেন ‘ভারতের আরেথা ফ্র্যাঙ্কলিন’-এর সঙ্গে-যা তাঁর শ্রদ্ধা ও মুগ্ধতাই প্রকাশ পেয়েছিল।সম্প্রতি আবারও সেই স্মৃতিচারণ করতে গিয়ে লি বলেন, ‘আশাজির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জীবনের এক বড় প্রাপ্তি। তাঁর প্রতিভার চেয়েও বেশি মনে থাকবে তাঁর প্রতি মুগ্ধতা।’ ৯২ বছর বয়সে আশা ভোঁসলের প্রয়াণ যেন ভারতীয় সংগীতের এক যুগের অবসান। কিন্তু তাঁর কণ্ঠ, তাঁর সুর, তাঁর স্মৃতি—সেগুলো রয়ে যাবে। শুধু এই দেশের মানুষ নয়, ব্রেট লির মতো বিশ্বজুড়ে অসংখ্য অনুরাগীর হৃদয়ে বেঁচে থাকবেন ‘আশা তাই’।
