সবই ছিল জল্পনা! প্রার্থী হননি ইমন- পরমব্রত- অঙ্কুশ- পার্নোর কেউই! ক্ষোভ উগড়ে দিলেন গায়িকা

0

মঙ্গলবার ২৯১টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করতেই সব পরিষ্কার হয়ে গেছে। তালিকা ঘোষণার আগে জোর জল্পনা চলছিল তারকাদের ঘিরেই। তারমধ্যে উল্লেখযোগ্যভাবেই চর্চা চলছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীকে নিয়ে। তাঁর নাম তালিকায় না থাকায় শেষমেশ সব জল্পনায় ইতি পড়ল। রাজ্য সরকারের কাজ নিয়ে ‘লক্ষ্মীর পাঁচালী’ গান গাওয়া, বঙ্গবিভূষণ সম্মান প্রাপ্তি – সব মিলিয়ে নেটিজেনদের অনেকেই ধরে নিয়েছিলেন, এ বার হয়তো ভোটের ময়দানে নামবেন তিনি। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর স্পষ্ট হয়ে গেল, রাজনীতিতে নয়, আপাতত সংগীত জগতেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান ইমন।
ভোটার তালিকা ঘোষণা হতেই সমাজ মাধ্যমে কটাক্ষের সুরে নিজের অবস্থান স্পষ্ট করেন ইমন। তাঁর পোস্টে লেখেন, ‘বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন।’ তিনি আরও লেখেন, ‘এ বার আপনাদের কাছে করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি- প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।’  উল্লেখ্য, ইমনকে ঘিরে জল্পনা শুরু হওয়ার পর থেকেই সমাজ মাধ্যমে একাধিক কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। ব্যক্তিগত আক্রমণও করা হয়, এমনকি তাঁর প্রয়াত মাকেও ছাড়েননি ট্রোলাররা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়  সমাজ মাধ্যম থেকেও দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
ইমন একা নন, এ বার তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা হবে এমন ধরে নিয়ে একাধিক তারকাকে নিয়েই সমানে চর্চা চলছিল। তারমধ্যে অন্যতম অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা কিংবা সদ্য দলে যোগ দেওয়া পার্নো মিত্র। অথচ কারোরই নাম নেই তালিকায়। ফলে টলিউডের একাংশকে ঘিরে তৈরি হওয়া সম্ভাবনা যে শুধুই জল্পনা ছিল, তা স্পষ্ট হয়ে যায় প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *