আইপিএলের প্রথম পর্বের সূচি প্রকাশ, ২৯ মার্চ শুরু কেকেআরের অভিযান
টি–টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই, ক্রিকেটপ্রেমীদের নজর এবার আইপিএলের দিকে। ঘোষণা হয়ে গেল আইপিএল ২০২৬-এর প্রথম পর্বের সূচি। ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগের ১৯তম সংস্করণ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটা অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে। গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রায় নতুন করে দল গড়েছে কেকেআর। নিলামে বড় বিনিয়োগ করে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। পাশাপাশি শ্রীলঙ্কার পেসার মাথেশা পাতিরানাকে দলে নিয়েছে। সব মিলিয়ে ১৩ জন নতুন ক্রিকেটারকে নিয়ে দল সাজিয়েছে কেকেআর।
কেকেআরের অভিযান শুরু হবে ২৯ মার্চ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে নিজেদের প্রথম হোম ম্যাচ খেলবে কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এরপর টানা আরও দুটি ম্যাচ নিজেদের ঘরের মাঠেই খেলবে নাইটরা। ৬ এপ্রিল পাঞ্জাব কিংস এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবে অজিঙ্কা রাহানের দল। আপাতত ১২ এপ্রিল পর্যন্ত মোট ২০টি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, টুর্নামেন্টের বাকি সূচি পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। সম্ভাবনা রয়েছে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট মাথায় রেখেই বাকি ম্যাচের সময়সূচি নির্ধারণ করা হবে। এদিকে বোর্ড সূত্রে জানা গিয়েছে, এবারের আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
কেকেআরের সূচি (প্রথম পর্ব)
২৯ মার্চ: বনাম মুম্বই ইন্ডিয়ান্স – মুম্বই, সন্ধে ৭.৩০
২ এপ্রিল: বনাম সানরাইজার্স হায়দরাবাদ – কলকাতা, সন্ধে ৭.৩০
৬ এপ্রিল: বনাম পাঞ্জাব কিংস – কলকাতা, সন্ধে ৭.৩০
৯ এপ্রিল: বনাম লখনউ সুপার জায়ান্টস – কলকাতা, সন্ধে ৭.৩০
