সোনার গয়নায় সেজে মাকে বরণ শুভশ্রীর, অন্নপূর্ণাপুজোয় কোন দায়িত্বে কোয়েল?
বাঙালির ঘরে ঘরে বসন্তকালে অন্নপূর্ণা পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সেই ঐতিহ্য থেকে বাদ পড়লেন না টলিউড তারকারাও। এই বছরও অভিনেত্রী কোয়েল মল্লিকএবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ধুমধাম করে পালিত হল দেবী অন্নপূর্ণার পুজো। ইতিমধ্যেই তাঁদের বাড়ি সেজে উঠেছে ভক্তিময় ও আনন্দঘন পরিবেশে।
নায়িকা কোয়েল মল্লিকের বাড়িতে বহু বছরের পারিবারিক রীতি মেনেই এই পুজো অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বাড়ির পরিবেশ ছিল সম্পূর্ণ পুজোর আবহে মোড়া। শাস্ত্র মেনে পূজার্চনা, দেবীর ভোগ নিবেদন এবং পরিবারের সকল সদস্যের উপস্থিতিতে সম্পন্ন হয় সমস্ত আচার। কোয়েল নিজেও সাবেকি শাড়ি ও অলংকারে সজ্জিত হয়ে পুজোর আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। ঘনিষ্ঠ আত্মীয় ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুজো আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অন্যদিকে, শুভশ্রীর বাড়িতেও একইভাবে আয়োজন করা হয় অন্নপূর্ণা পুজোর। পুজোর দিন শুভশ্রীকে দেখা যায় একেবারে বাঙালি গৃহবধূর সাজে শাড়ি, সিঁদুর ও গয়নায় সজ্জিত। স্বামী রাজ চক্রবর্তী ও পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ভক্তিভরে অংশ নেন পুজোয়। পুজোর বিভিন্ন রীতি পালন করতে দেখা গিয়েছে। রাজ এবং শুভশ্রীর পোশাকে ছিল রংমিলান্তি।
দেবী অন্নপূর্ণা মূলত অন্ন ও সমৃদ্ধির দেবী। তাই এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, বরং পরিবারের সুখ-সমৃদ্ধি কামনার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ্য। এই বিশেষ দিনে টলিউডের এই দুই জনপ্রিয় অভিনেত্রীর বাড়িতে সেই চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনই চোখে পড়েছে।
