৯০০ গোলের মাইলফলক ছুঁয়ে ইতিহাসে মেসি, রোনাল্ডোর চেয়ে কোথায় এগিয়ে আর্জেন্টাইন
ফুটবল বিশ্বে আরও এক ঐতিহাসিক অধ্যায় স্পর্শ করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কেরিয়ারের ৯০০তম গোল করে তিনি পৌঁছে গেলেন এক অনন্য উচ্চতায়—যেখানে এতদিন একমাত্র আধিপত্য ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এর ফলে বিশ্বের শীর্ষ পর্যায়ের ফুটবলে ৯০০ গোলের ক্লাবে দ্বিতীয় সদস্য হিসেবে নিজের নাম লিখিয়ে নিলেন আর্জেন্টাইন সুপারস্টার।কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোয় ন্যাশভিল এসসি-র বিরুদ্ধে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন মেসি। ম্যাচের মাত্র ৭ মিনিটে বক্সের ভিতরে সুযোগ পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। এই গোলের মাধ্যমেই পূর্ণ হয় তাঁর ৯০০ গোলের স্বপ্নযাত্রা। তবে ব্যক্তিগত সাফল্যের দিনে দলগত ফল আশানুরূপ হয়নি, ১-১ গোলে ড্র করে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় ইন্টার মায়ামি।

পরিসংখ্যান বলছে, ৩৮ বছর বয়সী মেসি মাত্র ১১৪২ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন, যা রোনাল্ডোর তুলনায় অনেকটাই দ্রুত। রোনাল্ডোর ৯০০ গোল করতে লেগেছিল ১২৩৬টির বেশি ম্যাচ। বর্তমানে তাঁর গোল সংখ্যা ৯৬৫। ফলে, তিনি ১০০০ গোলের দোরগোড়ায় দাঁড়িয়ে। কিন্তু মেসির গোলের পরিসংখ্যানও বিস্ময়কর। বার্সেলোনা-র জার্সিতে ৬৭২ গোল, প্যারিস সাঁ জাঁ-র হয়ে ৩২, ইন্টার মায়ামি-র হয়ে ৮১ ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১১৫ গোল করেছেন তিনি। গোল করার ধরণেও রয়েছে বৈচিত্র্য-বাঁ পায়ে সর্বাধিক ৭৫৫ গোল, ডান পায়ে ১১১ এবং হেডে ৩০ গোল। বক্সের ভিতর থেকে এসেছে ৭২৪ গোল, আর বাইরে থেকে ১৭৬। পেনাল্টি থেকে ১১২ এবং ফ্রি-কিক থেকে ৭০টি গোল।দুই দশকেরও বেশি দীর্ঘ কেরিয়ারে অসাধারণ ধারাবাহিকতা, প্রতিভা এবং ম্যাচ জেতানোর ক্ষমতার জন্যই এই উচ্চতায় পৌঁছতে পেরেছেন মেসি। এখন ফুটবলপ্রেমীদের চোখ তাঁর পরবর্তী লক্ষ্য-১০০০ গোলের ম্যাজিক ফিগারের দিকে। রোনাল্ডো ও মেসির এই দ্বৈরথ যে আগামী দিনেও ফুটবল দুনিয়ার উন্মাদনা বজায় রাখবে, তা বলাই বাহুল্য।
তবে এদের সঙ্গে পেলের নামও জড়িয়ে। ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি পেলে দাবি করেছিলেন, ব্রাজিল, সান্তোস ও নিউইয়র্ক কসমসের হয়ে কেরিয়ারে তাঁর মোট গোলসংখ্যা ১০০০-এর বেশি। কিন্তু অ্যাসোসিয়েশন ফুটবলে পরিসংখ্যানভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আরএসএসএসএফের পরিসংখ্যানবিদেরা জানিয়েছেন, পেলের মোট অফিশিয়াল গোলসংখ্যা ৭৭৮।
