ফুল ফুটুক আর না ফুটুক… ভালবাসার দিনেই বোধন আইএসএলের, উদ্বোধনী ম্যাচে বাগান তৈরি
ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত।
ভালবাসার দিনেই থমকে যাওয়া ফুটবল প্রেম ফিরিয়ে দিল এআইএফএফ । শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের সেরা লিগ আইএসএল। রূপ-রঙ-সৌন্দর্য কমেছে ঠিকই, ক্লাবদলগুলোর কাছে ধার-ভার কমেনি। তাই আবেগও কমেনি ফুটবলপ্রেমীদের।

শনিবারই গতবারের দ্বিমুকুট জয়ী মোহনবাগান উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে। খেলা হবে যুবভারতীতে। এ বারে হোম ভেন্যু যুবভারতী দুই প্রধানের জন্যই বিনামূল্যে করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোবেরোর দল ভালবাসার দিনে ভালবাসা পেতে জিততে মুখিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। মোহনবাগান ম্যানেজমেন্টের আশা, প্রিয় দলের খেলা দেখতে ফের মাঠমুখী হবেন সমর্থকরা। ফের জৌলস ফিরবে ৯০ মিনিটের লড়াইতে।
মাত্র ১৪–১৫ দিনের প্রস্তুতি নিয়েই দেশের সেরা লিগে খেলতে নামছে কেরালা। কেরালার হেড কোচ ডেভিড কাটালা বলেন, ‘কোনও অজুহাত দিতে চাই না। আমরা যতটা সম্ভব প্রতিযোগিতামূলক হওয়ার চেষ্টা করব। ফুটবলাররা মানসিক ভাবে প্রস্তুত’। মোহনবাগানের বিরুদ্ধে লড়াই যে কঠিন, তা স্বীকারও করে নিয়েছেন তিনি। কেরালা কোচ বলেন, ‘মোহনবাগান ভারতের অন্যতম সেরা ক্লাব। ওরা দীর্ঘ দিন অনুশীলন করেছে, দলও সাজানো। তবে ফুটবল অনিশ্চিত খেলা’।
মোহনবাগান কোচ সার্জিও লোবেরা অবশ্য যথেষ্ট আত্মবিশ্বাসী ভাল শুরুর ব্যাপারে। বাগানের স্প্যানিশ কোচ বলেন, ‘এই টুর্নামেন্টে আমরা শীর্ষস্থানে ছিলাম। আর সেই শীর্ষস্থানেই আমরা থাকতে চাই। এখনই প্লে অফ নিয়ে আমরা কোনওরকম চিন্তাভাবনা করছি না। আমরা এক একটা ধাপ টার্গেট করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। সত্যি কথা বলতে কী, চাপ নিতে আমার বরাবরই যথেষ্ট ভাল লাগে। ফলে চাপটা আমার কাছে কোনও বড় ব্যাপার নয়। আমি খুব ভাল করেই জানি যে মোহনবাগান একটা চ্যাম্পিয়ন দল। আর আমি সেই চ্যাম্পিয়ন দলের কোচ। তবে আমি সমর্থকদের জন্য একটাই কথা বলব। আপনারা প্রত্যেকে মাঠে আসুন। স্টেডিয়াম একেবারে কানায় কানায় ভরিয়ে তুলুন।’
আইএফএ শিল্ড ছাড়া বাগানে আর কোনও ফুল ফোটেনি। ভালবাসার দিনে ফুল ফোটানোর কাজটা শুরু করে দিতে চান লোবেরা।
