তারকায় ভরা তৃণমূলে নতুন মুখ নেই! ভোটের লড়াইয়ে টলিউডে পুরনোদেরই পুনরাবৃত্তি
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। প্রতি বারের মতো এ বারও তালিকায় তারকার উপস্থিতি থাকলেও, নতুন মুখের সংখ্যা তুলনামূলকভাবে কম। বরং পরিচিত মুখ ও আগের বিধায়কদের উপরই আস্থা রেখেছে শাসক দল।
তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া স্বপ্নাকে রাজগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। রাজনৈতিক ময়দানে এটাই তাঁর প্রথম লড়াই। অন্যদিকে, তুফানগঞ্জে প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান বাংলা দলের বোলিং কোচ শিবশঙ্কর পাল। সপ্তগ্রামে প্রার্থী করা হয়েছে প্রাক্তন ফুটবলার বিদেশ বোসকে। ফলে ক্রীড়া জগতের তিন তারকার উপস্থিতি তালিকায় বিশেষ তাৎপর্যপূর্ণ।
টলিউডের একাধিক তারকার নাম ভাসছিল। কিন্তু তা হয়নি। পরিচিত মুখদের মধ্যে করিমপুরে সোহম চক্রবর্তী, ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি এবং সোনারপুর দক্ষিণে লাভলি মৈত্র ফের প্রার্থী হয়েছেন। এঁরা প্রত্যেকেই আগের নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং নিজেদের আসনেই আবার সুযোগ পেয়েছেন।
এই তালিকায় নতুন সংযোজন হিসেবে উঠে এসেছে মানিকতলার প্রার্থী শ্রেয়া পান্ডের নাম। প্রয়াত তৃণমূল বিধায়ক সাধন পান্ডের কন্যা শ্রেয়া, যিনি বিনোদন জগতের সঙ্গেও যুক্ত, এবার প্রথমবারের জন্য নির্বাচনী ময়দানে নামছেন।তবে প্রত্যাশা অনুযায়ী এ বার তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন টেলি বা সিনে তারকার সংখ্যা খুব বেশি নয়। আগের মতো চমকপ্রদ নতুন মুখের ভিড় না থাকলেও, দলটি অভিজ্ঞ এবং পরিচিত প্রার্থীদের উপরই ভরসা রেখেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
তারকাদের পাশাপাশি অন্য ক্ষেত্র থেকেও একাধিক নতুন মুখকে প্রার্থী করা হয়েছে। সাংবাদিক দেবদীপ পুরোহিত খড়দহ থেকে, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্ব থেকে এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য নোয়াপাড়া থেকে প্রার্থী হয়েছেন। বেলেঘাটায় প্রার্থী করা হয়েছে কুণাল ঘোষকে এবং পূর্বস্থলী উত্তরে বসুন্ধরা গোস্বামীকে।
এ বার ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। দার্জিলিংয়ের তিনটি আসনে জোটসঙ্গী দলের জন্য জায়গা ছেড়ে দিয়েছে শাসক দল। কালীঘাটে নিজের বাসভবন থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তালিকা ঘোষণা করেন।সব মিলিয়ে, এ বারের প্রার্থী তালিকায় তারকার উপস্থিতি থাকলেও নতুন চমকের বদলে অভিজ্ঞতা ও পরিচিতির উপরই বেশি জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস।
দেখে নিন তারকাদের তালিকা
করিমপুর: সোহম চক্রবর্তী
ব্যারাকপুর: রাজ চক্রবর্তী
বরানগর: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
রাজারহাট গোপালপুর: অদিতি মুন্সি
সোনারপুর দক্ষিণ: লাভলি মৈত্র
মানিকতলা: শ্রেয়া পান্ডে
চন্দননগর: ইন্দ্রনীল সেন
সপ্তগ্রাম: বিদেশ বোস
রাজগঞ্জ: স্বপ্না বর্মন
তুফানগঞ্জ: শিবশঙ্কর পাল
বালুরঘাট: অর্পিতা ঘোষ
