ভেস্তে গেল শাকিরার ভারত সফর, নেপথ্যে কারণ কী?
দীর্ঘ প্রায় দুই দশক পর ভারতীয় দর্শকদের সামনে পারফর্ম করার কথা ছিল বিশ্বখ্যাত লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরার। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের জেরেই সেই বহু প্রতীক্ষিত সফর আপাতত স্থগিত করতে বাধ্য হলেন তিনি। ফলে ভক্তদের উচ্ছ্বাস মুহূর্তে পরিণত হয়েছে গভীর হতাশায়।

২০০৭ সালের পর এই প্রথমবার ভারতে লাইভ পারফর্ম করার পরিকল্পনা করেছিলেন শাকিরা। আগামী ১০ ও ১১ এপ্রিল মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে এবং ১৫ এপ্রিল দিল্লিতে তাঁর কনসার্ট হওয়ার কথা ছিল। ভক্তদের বিপুল চাহিদার কারণে অতিরিক্ত শোও যুক্ত করা হয়েছিল। টিকিটের দাম শুরু হয়েছিল ৬ হাজার টাকা থেকে, যা ভিআইপি টিকিটের দাম কয়েক লাখ টাকায় পৌঁছেছিল। প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখার আশায় আগেভাগেই টিকিট, বিমান ও হোটেল বুকিং করে ফেলেছিলেন বহু অনুরাগী। কিন্তু আয়োজকদের তরফে জানানো হয়েছে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে পশ্চিম এশিয়ায় চলতি যুদ্ধ-সংঘর্ষ ও উত্তেজনার কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। শিল্পী, প্রোডাকশন টিম এবং দর্শকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানানো হয়। এই ঘোষণার পর আয়োজক সংস্থা জানায়, যাঁরা ইতিমধ্যেই টিকিট কিনেছেন, তাঁদের আগামী ৫ থেকে ৭ কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। যদিও অনেক ভক্তই সমাজ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, যাতায়াত ও অন্যান্য খরচের ক্ষতিপূরণ কীভাবে মিলবে।

উল্লেখ্য, ‘কুইন অফ ল্যাটিন মিউজিক’ হিসেবে বিশ্বজোড়া জনপ্রিয় শাকিরার এই সফর ঘিরে তৈরি হয়েছিল বিরাট প্রত্যাশা। ‘হিপ শেকিং’ পারফরম্যান্সের জন্য খ্যাত এই শিল্পীর সরাসরি মঞ্চে ফেরার অপেক্ষায় ছিলেন ভারতের অনুরাগীরা। আপাতত এই সফর স্থগিত হলেও বাতিল নয় বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করা হবে। তবে এপ্রিলের নির্ধারিত অনুষ্ঠান না হওয়ায় যে ভক্তদের মন ভেঙেছে, তা স্পষ্ট সমাজ মাধ্যমের প্রতিক্রিয়াতেই।
