মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দুবাইয়ে আটকে পিভি সিন্ধু ও সোনাল চৌহান! বাতিল উড়ান, বাড়ছে উদ্বেগ

0

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বিমান চলাচল। এর জেরেই দুবাইয়ে আটকে পড়েছেন ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। একের পর এক উড়ান বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন বহু যাত্রী, যার মধ্যে রয়েছেন এই দুই ভারতীয় তারকাও।

‘জন্নত’ ছবির অভিনেত্রী সোনাল চৌহান সমাজমাধ্যমে জানিয়েছেন, তিনি বর্তমানে দুবাইয়ে আটকে রয়েছেন এবং দেশে ফেরার কোনও স্পষ্ট উপায় নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তিনি সাহায্যের আবেদন জানিয়ে লিখেছেন, “চলমান সংকটের কারণে উড়ান বাতিল হয়ে গিয়েছে। নিরাপদে ভারতে ফেরার জন্য সরকারি সহায়তা প্রয়োজন।”

অন্যদিকে, অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার পথে দুবাই বিমানবন্দরে আটকে পড়েন পিভি সিন্ধু। তিনি সমাজমাধ্যমে জানান, বিমানবন্দরের কাছাকাছি একটি বিস্ফোরণের ঘটনায় তিনি ও তাঁর দল আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতিকে তিনি “অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর” বলে বর্ণনা করেন। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁদের নিরাপদ একটি জায়গায় সরিয়ে নিয়ে যায়। সিন্ধু জানান, দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং দুবাইয়ে ভারতীয় দূতাবাস তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি ও তাঁর দল।

সম্প্রতি আমেরিকা ও ইজরায়েলের উপর ইরানের প্রত্যাঘাতের পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইরান ও ইরাকসহ একাধিক দেশের আকাশপথ আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক উড়ান পরিষেবায়। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো-সহ একাধিক বিমান সংস্থা পরিস্থিতির উপর নজর রাখছে এবং যাত্রীদের নিয়মিত আপডেট দেখার পরামর্শ দিয়েছে। নিরাপদ আকাশপথ চালু হলেই উড়ান পরিষেবা স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *