অসুস্থ পরিচালক রাজা সেন, হয়েছে বড় অস্ত্রোপচার, এখন কেমন আছেন?
১০ বছর আগের চোট যেন হঠাৎই দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো পরিচালক রাজা সেনের জীবনে। শোনা গিয়েছে নিজের ছবি ‘মায়া মৃদঙ্গ’র শুটিং চলাকালীন কোমরে আচমকা পড়ে গিয়ে আঘাত পান তিনি।
তখন সেই চোটকে বেশি গুরুত্ব দেননি। হঠাৎই বেশ কিছু বছর পরে সেই সমস্যা আবার দেখা দেয়। আচমকা এক দিন অনুভব করেন শরীরের নীচের অংশ অবশ হয়ে যাচ্ছে। তার পরেই পরিচালককে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় । মেরুদন্ড এবং কোমরের সংযোগস্থলে অস্ত্রোপচার করতে হয়।
আডিশন থেকে পাপিয়া সেন অর্থাৎ পরিচালকের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন অনেকটাই সুস্থ আছেন রাজা। তিনি আরও বলেন,
‘খুব বড় একটি অস্ত্রোপচার তাই ডাক্তাররা খুব সাবধানে রাখছেন এবং খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তবে রাজার ডেভেলপমেন্টে ডাক্তাররা খুশি কিন্তু তাও চিকিৎসকরা সাবধানতা বজায় রাখছেন। কারণ কোন সমস্যা থেকে কোন সমস্যা দেখা দেবে বোঝা মুশকিল, বয়স বাড়লে যা হয়ে থাকে। আমি জানি রাজাদা খুব শীঘ্রই একদম সুস্থ হয়ে বাড়ি চলে আসবেন।’ অভিনেত্রী যোগ করে বলেন, ‘এরম চোট মানুষ মাঝে মাঝেই পেয়ে থাকে তবে সেই চোট যে এইরকম ভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তা কখনোই বুঝতে পারেননি। কেউ বুঝতে পারলে নিজের শরীরকে এরম কষ্টের মুখে ঠেলে দিতে পারে না।’
পরিচালকের স্ত্রীর মতে এর আগে যন্ত্রণা হতো পরিচালকের কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে সেই ব্যথা কমিয়ে ফেলা যেত তাই খুব একটা গুরুত্ব দেননি কেউই। হঠাৎ করেই এরম ঘটনা কিছুই বুঝতে পারেনি পরিচালক এবং ওনার পরিবার।
পরিচালক রাজা সেনের সঙ্গেও যোগাযোগ করে আডিশন, পরিচালক জানান চার দিন পরেই বাড়ি ফিরবেন তিনি, বৃহস্পতিবার ছুটি দেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি বলেন, ‘আগে কোমরে ব্যথা হত। আমি ফিজিওথেরাপিস্ট দেখাতাম। কিছুটা এড়িয়ে গিয়ে কাজ করে গিয়েছি, কিন্তু ২ ফেব্রুয়ারি এমআরআই করে দেখা যায় নিউরোলজিক্যাল সমস্যা দেখা গিয়েছে এবং সেই কারণেই এই অস্ত্রোপচার। তবে এখন আমি ভাল আছি। ৪ দিন পরেই বাড়ি যাবো। মানুষ আমার জন্য প্রার্থনা করলেই আমি সুস্থ হয়ে যাব।’
