প্রেমদিবসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি, প্রকাশ্যে এলো গায়ে হলুদের ছবি
ভালোবাসার দিনেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন টলিপাড়ার পরিচিত মুখ রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। এইদিন সকালেই একসঙ্গে গায়ে হলুদের অনুষ্ঠান সারলেন এই জুটি।

জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’ -তে তাদের প্রথম দেখা গিয়েছিল জুটি হিসেবে, সেখান থেকেই বন্ধুত্বের শুরু দুজনের। তাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শকের কাছে ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করেছিল। ধারাবাহিক শেষ হতে না হতেই শুরু হয় তাদের সম্পর্কের গুঞ্জন। আর দীর্ঘ জল্পনার পর সেই সম্পর্ক গড়াচ্ছে বিয়ের পিঁড়িতে।
বিয়ের সকালে গায়ে হলুদের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাঙালি সাজে ধরা দিয়েছেন হবু বর-কনে। হলুদ হ্যান্ডলুম ট্যিসু শাড়ি, শাঁখা-পলা আর হালকা সোনার গয়নায় দেখা যায় অভিনেত্রীকে। অন্যদিকে সাদা-হলুদ পাঞ্জাবিতে মানানসই সাজে ছিলেন রণজয়। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা অনুরাগীদের তরফে। গায়ে হলুদের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, অভিনেতা লেখেন, ‘শুরু হল আমাদের নতুন গল্পের প্রথম অধ্যায়’।
জানা গিয়েছে, কলকাতার বিবেকানন্দ পার্ক এলাকার এক বাড়িতে বসছে রণজয় ও শ্যামৌপ্তির বিবাহ আসর। ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতেই সাতপাকে বাঁধা পড়বেন দু’জন। টেলিপাড়ার বহু পরিচিত মুখের উপস্থিতিতে কার্যত চাঁদের হাট বসতে চলেছে তাদের বিয়েতে।
