অবশেষে চার হাত এক হল, ভালবাসার দিনেই বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন রণজয়-শ্যামৌপ্তি

0

ভালবাসার দিনেই পূর্ণতা পেল ভালবাসা।
বাস্তবে সাত পাকে বাঁধা পড়ল ছোট পর্দার ‘গুড্ডি-অনুজ’। দীর্ঘদিনের প্রেম, নানা জল্পনা আর অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চার হাত এক হল এই তারকা জুটির।

বিয়ের সাজ নিয়েও আগে থেকেই অন্যরকম পরিকল্পনা করেছিলেন দুজনেই, সাজে ছিল ছকভাঙা ভাবনা। আর সেই ভাবনাতেই ধরা দিলেন বর-কনে। চিরাচরিত ভারী বেনারসির বদলে শ্যামৌপ্তি বেছে নিয়েছিলেন সোনালি জরির সূক্ষ্ম কাজ করা গাঢ় লাল সিল্কের শাড়ি। কপালে চন্দনের বদলে পড়েছিলেন লাল টিপ, মাথায় শোলার মুকুট। সাজে ছিল সাবলীল বাঙালিয়ানা। অন্যদিকে সাদা ধুতি-পাঞ্জাবিতে রণজয় ছিলেন একেবারে সাবেকি অথচ এলিগ্যান্ট লুকে। সিঁথিতে সিঁদুর পরানোর মুহূর্তে কনের বিশেষ আবদারও রাখেন তিনি, নববধূর নাকেও লাগে সিঁদুরের ছোঁয়া, আর সেই দৃশ্যেই ধরা পড়ে তাঁদের আবেগঘন রসায়ন।

তারকাখচিত ছিল বিয়ের আসর। টলিপাড়ার একাধিক পরিচিত মুখ উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, আদৃত রায়, তথাগত মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। ইন্ডাস্ট্রির প্রবীণ থেকে নবীন সবার উপস্থিতিতে আনন্দঘন হয়ে ওঠে তাদের পূর্ণতার মুহুর্ত। বিয়ের ব্যস্ততা সত্ত্বেও অতিথিদের আপ্যায়নে খামতি রাখেননি নবদম্পতি।

তাঁদের প্রেমের শুরু হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’-র সেটে। কাজের সূত্রে আলাপ, সেখান থেকে বন্ধুত্ব, আর ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়া। বয়সের ব্যবধান নিয়ে নানা আলোচনা হলেও নিজেদের বোঝাপড়া আর বিশ্বাসেই সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁরা। আর তাই প্রেম দিবসকেই বেছে নিলেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে।
পর্দায় বহুবার বিয়ের দৃশ্যে দেখা গেছে রণজয়-শ্যামৌপ্তিকে। কিন্তু বাস্তবের এই পরিণয় যেন আরও বেশি আবেগময়, আরও বেশি স্নিগ্ধ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *