সরোদবাদক তেজেন্দ্রনারায়ণের পরিবারে শোকের ছায়া, মা রেখাদেবীকে হারালেন শিল্পী, কী হয়েছিল?

0

সরোদবাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদারের পরিবারের শোকের ছায়া। মাকে হারালেন শিল্পী। সোমবার ভোরে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২। বহু দিন ধরেই অসুস্থ ছিলেন সরোদবাদকের মা রেখা মজুমদার। তেজেন্দ্রনারায়ণ এই সময়ে শহরে ছিলেন না। শিলংয়ে গিয়েছিলেন অনুষ্ঠান করতে। কিন্তু মায়ের খবর পেয়েই তড়িঘড়ি শহরে চলে আসেন।
মায়ের প্রয়াণে খুবই মনখারাপ শিল্পী। সমাজমাধ্যমে নিজের অনুভূতির কথা ভাগ করে নিয়েছেন তিনি। তেজেন্দ্রনারায়ণ লেখেন, “মায়ের দেখানো পথে হেঁটেই বরাবর চলেছি। আমি আজ যা কিছু, তার সবটাই মায়ের কারণে। মায়ের অভাব পূরণ হওয়ার নয়। আমার মা যেন শান্তিতে থাকেন, মন থেকে চাইছি। আপনারাও আমার মায়ের শান্তির জন্য প্রার্থনা করবেন।” মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন তিনি, তা স্পষ্ট শিল্পীর লেখায়।
এক সংবাদমাধ্যমকে শিল্পীর ছেলে ইন্দ্রায়ুধ মজুমদার ঠাকুরমার মৃত্যুসংবাদ প্রসঙ্গে জানিয়েছেন, অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিছু বোঝার ক্ষমতা ছিল না। অনেক সময় জ্ঞান হারাচ্ছিলেন। রবিবার থেকে আর তেমন কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। কোমায় চলে গিয়েছিলেন। তখন থেকেই কিছুটা প্রস্তুত ছিলেন তাঁরা। ইন্দ্রায়ুধ যোগ করেন, “মনে হয়েছিল এ বার তাঁকে ছেড়ে দেওয়ার সময় হয়েছে।” তেজেন্দ্রনারায়ণের ছেলেও বিখ্যাত সরোদবাদক। ঠাকুরমার প্রয়াণে তিনিও খুব ভেঙে পড়েছেন। তবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। বছরের শুরুতেই এমন ঘটনা শিল্পীর পরিবারে কেউই মেনে নিতে পারছেন না। শিলং থেকে সঙ্গে সঙ্গে বিমানে করে ফিরছেন তেজেন্দ্রনারায়ণ। সোমবারই শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর মা রেখাদেবীর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *