মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ, দুবাইয়ে আটকে পড়া পর্যটকদের জন্য বড় সিদ্ধান্ত সোনু সুদের, কী করলেন?

0

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরানের পাল্টা হামলায় দুবাই-সহ একাধিক শহরে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। ফলে বহু যাত্রী দুবাইয়ে আটকে পড়েছেন এবং বাড়ি ফিরতে পারছেন না। এই পরিস্থিতিতে, আটকে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন বলিউড অভিনেতা সোনু সুদ।

সম্প্রতি, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো বার্তা ভাগ করে নেন তিনি।  অভিনেতা জানান, চলমান সংকটের কারণে যারা দুবাইয়ে আটকে পড়েছেন, তাদের সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নিরাপদ থাকার ব্যবস্থা করা হবে। বলেন, “বিপদে পড়া পর্যটক কোন দেশের বাসিন্দা তার ভিত্তিতে নয় বরং মানবিকতার ভিত্তিতেই এই উদ্যোগ। দুবাইয়ের একটি রিয়েল এস্টেট সংস্থার সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই সংস্থার একাধিক আবাসনে আপাতত আটকে পড়া যাত্রীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। কেউ সাহায্য চাইলে আমার সঙ্গে  বা সংস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরাসরি মেসেজ করলেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে থাকার ব্যবস্থা করা হবে।”

ইরানের হামলার জেরে মধ্যপ্রাচ্যের একাধিক শহরে বিমান চলাচল ব্যাহত হওয়ায় বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ফলে বহু ভারতীয় নাগরিক-সহ বিভিন্ন দেশের যাত্রীরা দুবাইয়ে আটকে পড়েছেন। জানা গেছে, বলিউড অভিনেত্রী সোনাল চৌহান, ঈশা গুপ্তা, লারা দত্ত-সহ বেশ কয়েকজন ভারতীয় তারকাও সাময়িকভাবে সেখানে আটকে পড়েছিলেন। যদিও তাঁদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই নিরাপদে ভারতে ফিরে এসেছেন।

উল্লেখ্য, সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আগেও প্রশংসিত হয়েছেন সোনু সুদ। করোনা মহামারির সময় লকডাউনে আটকে পড়া বহু পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরাতে সাহায্য করেছিলেন তিনি। পাশাপাশি ২০২৫ সালে পঞ্জাবের বন্যা পরিস্থিতিতেও ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছিলেন এই অভিনেতা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *