হাসপাতালে সদ্যোজাতদের দেখতে গিয়ে বড় সমস্যায় রাম চরণ, মেয়েকে কোলে নিয়ে শেষে কী করলেন নায়ক?
রিল, ভিডিয়ো, ইনস্টাগ্রামের যুগে যেন আরও সমস্যায় তারকারা। তাঁরা যেখানেই যান না কেন ধাওয়া করে ছবিশিকারিরা। এ বার এই কারণেই, বড় সমস্যায় পড়লেন অভিনেতা রাম চরণ। সদ্য সুখবর শুনিয়েছেন দক্ষিণী তারকা। যমজ সন্তানের বাবা হয়েছেন তিনি, মা হয়েছেন উপাসনা। সদ্যোজাতদের দেখতে হাসপাতালে গিয়ে বড় সমস্যায় পড়লেন অভিনেতা।
কী ঘটেছে? মেয়ে ক্লিন কারা কোনিডেলাকে নিয়ে রবিবার দুই সন্তান এবং স্ত্রীকে দেখতে গিয়েছিলেন রাম চরণ। কোলে করে মেয়েকে নিয়ে গাড়ি থেকে নামার সময়ে, তাঁর উপরে রীতিমতো হামলে পড়ে ছবিশিকারিরা। সেই সঙ্গে ছিল তাঁর অনুরাগীরাও। ভিড় ঠেলে হাসপাতালে ঢোকার পরিস্থিতি ছিল না। শেষে নিরাপত্তারক্ষীদের সহায়তায় কোনও রকমে মেয়েকে নিয়ে হাসপাতালের ভিতরে যেতে পারেন রাম চরণ। তিনি কোনও অভিযোগ না জানালেও, এই ঘটনায় যে রাম চরণ প্রচণ্ড বিরক্ত হয়েছেন তা ফুটে ওঠে তাঁর চোখে মুখে।
দু’বছর আগে কন্যাসন্তানের জন্ম দেন উপাসনা। অনেক দিন আগে এক সাক্ষাৎকারে উপাসনা জানিয়েছিলেন, বিয়ের প্রথম দিকে মা-বাবা হওয়ার কোনও ইচ্ছাই ছিল না তাঁদের। যদিও সময়ের সঙ্গে তাঁদের সিদ্ধান্ত বদলায়। বিয়ের ১০ বছরের মাথায় কন্যাসন্তানের বাবা-মা হন রাম চরণ ও উপাসনা। মেয়ের দু’বছর বয়স হতে না হতেই ফের সুখবর দিলেন তারকাদম্পতি।
প্রসঙ্গত, দ্বিতীয় বার সন্তান আগমনের কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি দম্পতি। তবে মাসখানেক আগে উপাসনা একটি পোস্টে যমজ সন্তান আগমনের ইঙ্গিত দিয়ে লেখেন, ‘‘এ বছরের দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি। ভালবাসা দ্বিগুণ। কৃতজ্ঞ বোধ করছি। খুব শীঘ্রই নতুন একটা শুরু করতে চলেছি।’’ খবর, সন্তানজন্মের পরে কাজ থেকে কিছুদিনের জন্য বিরতি নেবেন রাম চরণ।
