‘মহারাজ’ এ বার ‘বিগ বস’! সৌরভের নির্দেশ না মানলেই হবে ঘোর বিপদ?
বাঙালির বিনোদনের জগতে বড় ঘোষণা। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ এবার আসছে বাংলায়। শুক্রবার সন্ধ্যায় কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন-এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘বিগ বস বাংলা’-র সূচনা হল। সবথেকে বড় চমক, শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
এইদিনের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত ও অভিনেত্রী তৃণা সাহা। ক্রিকেট এবং বিনোদনের মিশেলে সাজানো হয়েছিল গোটা অনুষ্ঠান। এদিন ইডেনে আয়োজন করা হয় একটি বিশেষ ক্রিকেট ম্যাচের, যেখানে মুখোমুখি হয় ‘টিম বস’ এবং ‘টিম টলিউড’। মোট পাঁচ ওভারের এই ম্যাচে টলিউড দলের নেতৃত্ব দেন অভিনেতা যিশু সেনগুপ্ত। ম্যাচে ব্যাট হাতে নামতে দেখা যায় অভিনেতা বনি সেনগুপ্ত-কে। অন্যদিকে মাঠে নেমে খেলতেও দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। টলিউডের একাধিক পরিচিত মুখ ও শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসেছিলেন দীপান্বিতা রক্ষিত, শুভ্রজিত সাহা, রনিতা দাস সহ স্টার জলসা পরিবারের আরও অনেক সদস্য। ক্রিকেট ম্যাচের পরেই সন্ধ্যার মূল আকর্ষণ ছিল ‘বিগ বস বাংলা’-র লোগো উন্মোচন। লাইট, সাউন্ড ও বিশেষ ভিজ্যুয়াল এফেক্টের মাধ্যমে জমকালোভাবে সামনে আনা হয় শোয়ের নতুন লোগো।
অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখতে গিয়ে সৌরভ বলেন, “এটি আমার কাছে নতুন একটা শো, তবে আমি যেই কাজই করি ভালো করে করার চেষ্টা করি।” তিনি আরও বলেন, সময় পেলে তিনি হিন্দি ‘বিগ বস’ দেখেন, এবং সলমন খানের সঞ্চালনার সাথে সাথে তার অভিনয়ের প্রশংসাও করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিগ বস মানেই বিতর্ক, যেকোনো বিতর্কের পরিস্থিতি সামলানোর জন্য কতটা প্রস্তুত সেই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, “সেই বিষয়েও প্রস্তুত, ১৯৯৬ সাল থেকেই কন্ট্রোভার্সির সঙ্গে জড়িয়ে আছি।” তবে এই শোয়ের জন্য নতুন করে প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন মহারাজ। তবে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় হাতে থাকায় তিনি নিশ্চিত।
চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাংলার দর্শকের কথা মাথায় রেখেই তৈরি করা হবে এই নতুন সংস্করণ। বাস্তব পরিস্থিতি, মতবিরোধ, কৌশল এবং ব্যক্তিত্বের সংঘাত, সব মিলিয়ে ‘বিগ বস বাংলা’ তৈরি করবে এক নতুন বিনোদনের মঞ্চ। ফলে টেলিভিশনের পর্দায়, বিনোদনের দুনিয়ায় নতুন মাত্রা যোগ করতে চলেছে এই শো।
