দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে সুস্মিতা, সিঁদুরদানের ছবি প্রকাশ্যে আসতেই শুরু সমালোচনা

0

২০২৫ সালের মাঝামাঝি বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই চর্চায় ছিলেন ছোটপর্দার অভিনেত্রী সুস্মিতা রায়। সেই ঘটনার এক বছর কাটতে না কাটতে হঠাৎই জীবনের নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে ফের শিরোনামে উঠে এলেন তিনি। বন্ধু শুভাশিস দে- এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সুস্মিতা।

মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সুস্মিতা, যেখানে দেখা যায় বিয়ের সাজে কারও হাত ধরে রয়েছেন তিনি। এই পোস্টের মাধ্যমেই জানান, তিনি দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।


পোস্টে নিজের অনুভূতি জানাতে গিয়ে অভিনেত্রী লেখেন, “মা হতে চেয়েছি বরাবরই। এই একটা ইচ্ছে কখনও মন থেকে মুছে যায়নি। একটা শব্দ শোনার আশা—“মা”। আজ ছত্রিশ বছর বয়সে এসে সত্যিই আর কোনও ভনিতা করার সময় নেই৷ নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ারও শক্তি নেই। বিয়ে করলাম।তোমরা সবাই আশীর্বাদ করো।”

প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি কোনও প্রচারমূলক পোস্ট বা শুটিংয়ের অংশ। কিন্তু পরের দিন সকালে আইবুড়ো ভাত থেকে শুরু করে বিয়ের নানা মুহূর্তের ছবি শেয়ার করতেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। সত্যি সত্যিই জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন সুস্মিতা।

পরবর্তী পোস্টে লাল বেনারসি, সিঁদুরদান এবং বিয়ের বিভিন্ন রীতির আবেগঘন মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে সুস্মিতা লেখেন, “যখন আমরা দুজনেই নিজের নিজের লড়াইয়ে প্রায় ভেঙে পড়ছিলাম, তখনই একে অপরের পাশে দাঁড়িয়ে শক্তি হয়েছিলাম। সেখান থেকেই শুরু আমাদের নতুন পথচলা। আজ সেই মানুষটার হাত ধরেই জীবনের সবচেয়ে বড় বন্ধনে আবদ্ধ হলাম। লড়াইটা এখনও আছে। তবে এবার আমরা একসাথে।”

এই খবর সামনে আসতেই নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে, আবার অনেকেই কটাক্ষ করেছেন তাঁর দ্রুত নতুন সম্পর্কে জড়ানো নিয়ে। আবার কেউ প্রশ্ন তুলেছেন, এত বছরের সম্পর্ক ভেঙে এত তাড়াতাড়ি এগিয়ে যাওয়া কতটা সম্ভব, কেউ কেউ তাঁর এই সিদ্ধান্তকে সাহসী বলেও উল্লেখ করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *