‘দ্য কেরালা স্টোরি ২’ ঘিরে আইনি জট! সেন্সর বোর্ডের ছাড়পত্র চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন

0

মুক্তির আগেই বিতর্কে জড়াল বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত ছবি ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই ছবিটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছিল। এবার সেই বিতর্ক গড়াল আদালত পর্যন্ত।

সূত্রের খবর, কেরল হাই কোর্টে একটি জনস্বার্থমূলক আবেদন দায়ের হয়েছে, যেখানে ছবিটির সেন্সর সার্টিফিকেট বাতিল এবং মুক্তি স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। আবেদনকারী শ্রীদেব নম্বূথিরির অভিযোগ, ছবিটির কিছু বিষয়বস্তু ভুলভাবে তুলে ধরা হয়েছে যাতে সাম্প্রদায়িক ও আঞ্চলিক বিদ্বেষ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তিনি আরও দাবি করেন এই সিনেমার টিজারে এমন কিছু দৃশ্য এবং সংলাপ আছে যা কেরলকে নেতিবাচকভাবে ভাবে উপস্থাপন করে।

উল্লেখ্য, ‘দ্য কেরালা স্টোরি’-র প্রথম অংশ পরিচালনা করেছিলেন সুদীপ্ত সেন। আদা শর্মা, সোনিয়া বালানি, যোগিতা বিহানি ও সিদ্ধি ইদনানি অভিনীত সেই ছবি মুক্তির সময়ও প্রবল বিতর্কের মুখে পড়েছিল। একাধিক রাজ্যে নিষেধাজ্ঞা ও প্রতিবাদ সত্ত্বেও ছবিটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পায় এবং বিশ্বব্যাপী ৩০০ কোটিরও বেশি ব্যবসা করে বলে জানা যায়।

‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’ পরিচালনা করেছেন কামাখ্যা নারায়ণ সিং। ছবিটি আগামী ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তবে আদালতের পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২৪ ফেব্রুয়ারি। ফলে মুক্তির আগে আইনি জট কাটে কি না, তা নিয়েই এখন চর্চা তুঙ্গে।
সব মিলিয়ে, ছবিটি মুক্তির আগেই যে তীব্র বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে, তা স্পষ্ট। আদালতের রায়ই ঠিক করবে নির্ধারিত দিনে বড়পর্দায় আসবে কি না ‘দ্য কেরালা স্টোরি ২’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *