একদিকে নেতা অন্যদিকে অভিনেতা! নির্বাচনে প্রার্থী, তার মাঝেই সিনেমার শুটিং কুণাল ঘোষের

0

একদিকে নেতা অন্যদিকে এখন আবার অভিনেতা! বিধানসভা নির্বাচনের এ বার প্রথমবার প্রার্থী হয়েছেন, অন্যদিকে এইসময়েই সিনেমার শুটিং! দুই ভূমিকা যে আলাদা! তাই তৃণমূল নেতা কুণাল ঘোষ একটু চাপেই। ছাব্বিশের নির্বাচনে বেলেঘাটা কেন্দ্র থেকে প্রথমবার প্রার্থী হয়েছেন তিনি। ঠিক সেই সময়েই দুলাল দে পরিচালিত নতুন ছবি ‘ফাঁদ’-এর শুটিংয়ে দেখা গেল তাঁকে খাঁকি উর্দিতে, একেবারে দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের চরিত্রে।


অভিনয় করতে এসে, মাথায় অবশ্য রাজনীতির আবহই হয়তো ঘুরছে। তাই শুটিং শেষেই খাঁকি পোশাক ঘিরে নির্বাচন কমিশনকে ব্যঙ্গ করে মন্তব্য করতে ছাড়েননি কুণাল। শুটিং সেট থেকে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি ছবিতে পুলিশ। কিন্তু সেটের বাইরে বেরতে ভয় পাচ্ছি। যে হারে আইপিএসদের রদবদল হচ্ছে, নির্বাচন কমিশন আমাকেও না কোথাও এসপি করে পাঠিয়ে দেয়!’ তাঁর এই মন্তব্যে স্পষ্টই উঠে এসেছে ভোটের আগে প্রশাসনিক বদলিকে ঘিরে রাজনৈতিক টিপ্পনী।


উল্লেখ্য, ভোট ঘোষণা হতেই রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক পদে বদল আনে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে কলকাতা পুলিশ কমিশনার, ডিজি এবং একাধিক জেলার পুলিশ সুপার ও ডিআইজিকেও সরানো হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই কুণালের এই ব্যঙ্গাত্মক মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা উসকে দিয়েছে।


তবে রাজনীতির ব্যস্ততার মাঝেও অভিনয়কে থামাননি কুণাল ঘোষ। ‘ফাঁদ’ ছবিতে তিনি সরাসরি রাজনৈতিক চরিত্রে না থাকলেও তাঁর চরিত্রে রয়েছে ক্ষমতা, সমাজ ও সম্পর্কের জটিলতা। ফুটবল, রাজনীতি ও প্রেম-এই তিন স্রোত মিলিয়ে তৈরি এই ছবিকে নির্মাতারা একাধারে রাজনৈতিক থ্রিলার ও সামাজিক নাটক বলেই তুলে ধরছেন। ছবিতে কুণাল ছাড়াও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, আর জে সায়ন, অর্জুন চক্রবর্তী, ঈশা সাহা, অনন্যা বন্দ্যোপাধ্যায়সহ একাধিক পরিচিত মুখ।তিন প্রজন্ম জুড়ে বিস্তৃত গল্পে সমাজের নানা স্তরের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বর্তমানে যেখানে অধিকাংশ তারকা প্রার্থী নির্বাচনী প্রচারে ব্যস্ত, সেখানে ব্যতিক্রম কুণাল ঘোষ। প্রার্থীতালিকা ঘোষণার আগেই শুরু করেছিলেন ‘ফাঁদ’-এর শুটিং, এখনও তা চালিয়ে যাচ্ছেন। রাজনীতি, সাংবাদিকতা ও অভিনয়—তিনটি ক্ষেত্রেই সক্রিয় থেকে তিনি যেন নিজের আলাদা ছন্দে এগোচ্ছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *