ব্যাট না তরোয়াল! ১৪ বছরেই ২২ গজে শাসন! অবিশ্বাস্য ১৭৫ রানের ইনিংসে রেকর্ড বৈভবের

0

ব্যাট না তরোয়াল! ২২ গজের শাসন মাত্র ১৪ বছর বয়সেই! তিনি মানেই ঝড়। প্রলয় ঝড়! অনূর্ধ্ব ১৯ ফাইনালে যেভাবে ব্যাট করলেন তাতে আগামীদিনের সম্রাট যে হতে চলেছেন, তারই ইঙ্গিত দিয়ে দিলেন। ফাইনাল মঞ্চে অকুতোভয় বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য এক ইনিংস। যে ইনিংসের সামনে প্রতিপক্ষ স্বপ্ন দেখার আর সাহস পায় না। যে ইনিংসের সামনে প্রতিপক্ষের সব অস্ত্রই ভোঁতা। যে ইনিংসের সামনে প্রতিপক্ষের সব বোলাররাই অসহায় আত্মসমর্পণকারী।


অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত টসে জিতে ব্যাটিং নিয়েছিল। সূর্যের উত্তাপ সেই শুরু থেকেই। বৈভব সূর্যবংশী তাঁর নাম। ৩২ বলে ফিফটি, এ যেন প্রথম ঝলক। ব্যাট আরও ধারালো হয়ে উঠল তারপরেই। পরের ৫০ তুলতে বল খরচ করলেন মাত্র ১৬টা বল। ফাইনালে এত দ্রুত কেউ সেঞ্চুরি তুলতে পারেনি। ফাইনালে সেঞ্চুরি, তাও দ্রুততম-ভারতের এই বাঁহাতি ব্যাটার নাম লেখালেন এলিট লিস্টে। মাত্র ৫৫ বলে বৈভবের সেঞ্চুরি  অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। জাপানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার উইল মালাজাক চলতি বিশ্বকাপেই ৫১ বলে সেঞ্চুরি করেছেন, যার থেকে বৈভব খেলেছেন ৪ বল বেশি। ফাইনালে এর আগে ২০২২ সালে উগান্ডার বিপক্ষে ৬৯ বলে সেঞ্চুরি করেছিলেন রাজ অঙ্গদ বাওয়া।


সেঞ্চুরি করেও থামেননি।একেবারে ক্লান্তিহীন। রানের খিদে তখনও। ৮০ বলে প্রায় ২১৯ স্ট্রাইক রেটে বৈভব থামলেন ১৭৫ রান করে। নামের পাশে ১৫ চার আর ১৫ ছক্কা। যখন সাজঘরে ফিরছেন তখন যেন নবাগত সম্রাটই ব্যাট তুললেন।


ফাইনালে দ্রুততম সেঞ্চুরির পাশাপাশি দ্রুততম ১৫০ রানের মালিক এখন তিনিই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে দেড়শ রান ছোঁয়ার কীর্তি একমাত্র তাঁরই। মাত্র ৭১ বলে ১৫০ রান করেন তিনি। এর পাশাপাশি, অনূর্ধ্ব ১৯ স্তরে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটারও হলেন তিনি। ২০০৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাইকেল হিল ১২টি ছক্কা মেরেছিলেন। ১৮ বছরের রেকর্ড ভেঙে দিল বিহারের বাঁহাতি। 


পুরো টুর্নামেন্টে সূর্যবংশীর ব্যাট ছিল আরও ভয়ঙ্কর। তিনি টুর্নামেন্টে মোট ৩০টি ছক্কা হাঁকিয়ে ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের আগের রেকর্ড (১৮ ছক্কা)। এক টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কার নতুন মানদণ্ড এখন তার নামেই।
ভারতের হয়ে যুব বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটিও বৈভবের দখলে। এর আগে এই রেকর্ডটি ছিল রাজ বাওয়ার। উগান্ডার বিপক্ষে ১৬২ রানের ইনিংসটি খেলেছিলেন তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *