টেস্টে অবসর নিয়েই সটান বৃন্দাবনে বিরাট, চোখ ছলছল অনুষ্কার…

এ যেন অন্য বিরাট! সোমবার আচমকাই টেস্ট থেকে অবসরের কথা জানিয়ে দেন বিরাট কোহলি। গোটা দেশের ক্রীড়াপ্রেমীরা যখন হতচকিত, তখন স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মুম্বই বিমানবন্দরে ঢুকতে দেখা যায় বিরাট কোহলিকে। কারোর সঙ্গে কথা বলেননি। কিন্তু কোথায় গেলেন, তা নিয়ে কৌতূহল ছিলই। মঙ্গলবার তা প্রকাশ্যে এল। টেস্টে অবসর ঘোষণার পর সটান চলে গেছেন বৃন্দাবনে। সেখানে বিখ্যাত আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করেন দু’জনে।

আশীর্বাদ নেন। বরাবরই ‘বিরুষ্কা’ বরাবরই স্বামী প্রেমানন্দ মহারাজের অনুগামী। সুযোগ পেলেই দু’জনে বৃন্দাবন চলে যান স্বামীজির আশীর্বাদ নিতে। এবারও তাঁর অন্যথা হয়নি। সেই ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, নীল রঙের হালকা কারুকাজ সাদা ছিমছাম একটা সালোয়ার কামিজ পরে রয়েছেন অনুষ্কা শর্মা। তাঁর চুল খোলাই ছিল।

মুখে মেকআপের লেসমাত্র নেই। অন্যদিকে বিরাটকে সাধারণ একটা অফ হোয়াইট রঙের ট্রাউজার ও লাইট গ্রিন রঙের ক্য়াজুয়াল শার্টে পরে থাকতে দেখা যাচ্ছে। গভীর মনোযোগ দিয়ে শুনছেন শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের বাণী। প্রেমানন্দজির দরবারে হাঁটু মুড়ে বসে প্রার্থনা করতে দেখা গেল বিরুষ্কাকে। আরও একটি ছবিতে ছলছল চোখে দেখা মেলে অনুষ্কার। যদিও অন্য ছবিগুলিতে তাঁদের হাসিমুখেই দেখা যায়। আশীর্বাদস্বরূপ হলুদ উত্তরীয় প্রাপ্তিও হয়েছে অনুষ্কার। গত জানুয়ারি মাসেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক্কালে গুরুর শরণাপন্ন হয়েছিলেন তাঁরা। সেবারও বৃন্দাবনে মহারাজের আশ্রম থেকে ভাইরাল হয়েছিল তাঁদের ছবি। এর আগে কখনও বারাণসির মন্দিরে,কখনও লন্ডনের ইসকন মন্দিরেও তাদের দেখা গিয়েছিল।

অনুরাগীদের অনেকেরই মত, টেস্টের সাদা জার্সিকে বিদায় দিয়ে সাদা পোশাকে আধ্যাত্মিক জীবনের নতুন ইনিংস শুরু করলেন বিরাট। অনেকেই মনে করছেন ধাক্কা সামলে উঠতে, মনকে শান্ত করতেই বিরাট কোহলির এই উদ্যোগ। যেখানে প্রতিবারের মতো এবারেও সঙ্গে দিয়েছেন অনুষ্কা শর্মা।
