বিয়ে ভাঙছে থলপতি বিজয়ের! জানেন, কত সম্পত্তির মালিক তাঁর স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম?
দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়ের সঙ্গে তাঁর স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমেরর বিচ্ছেদের জল্পনা ঘিরে সম্প্রতি চর্চা তুঙ্গে। খবর অনুযায়ী, দীর্ঘ প্রায় ২৫ বছরের দাম্পত্য জীবনের পর সঙ্গীতা নাকি বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। তিনি নাকি অভিযোগ তুলেছেন কোনও এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাঁর স্বামী। সূত্রের দাবি এমনটাই। যদিও এই বিষয়ে বিজয় বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিবাহ বিচ্ছেদের জল্পনার মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন সঙ্গীতা সোরনালিঙ্গম। কে তিনি এবং তাঁর সম্পত্তির পরিমাণ কত? তা নিয়েও কৌতূহল বেড়েছে অনুরাগীদের মধ্যে। সঙ্গীতা লন্ডনের প্রবাসী ব্যবসায়ী সোরনালিঙ্গমের মেয়ে। বর্তমানে সঙ্গীতা লন্ডনেই থাকেন এবং পরিবারের ব্যবসার দায়িত্ব সামলাচ্ছেন বলে জানা যায়। বিভিন্ন সূত্রের দাবি, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪০০ কোটিরও বেশি।
শ্রীলঙ্কার তামিল পরিবারের মেয়ে সঙ্গীতা পড়াশোনার সময় থেকেই লন্ডনে থাকতেন। জানা যায়, ১৯৯৬ সালে বিজয়ের অভিনীত ‘পুভে উনাক্কাগা’ ছবি দেখার পর থেকেই তাঁর ভক্ত হয়ে ওঠেন তিনি। পরে লন্ডন থেকে চেন্নাই এসে বিজয়ের সঙ্গে দেখা করেন এবং চিঠি আদানপ্রদানের মাধ্যমে তাঁদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। ১৯৯৯ সালের ২৫ অগস্ট হিন্দু ও খ্রিস্টান রীতিতে তাঁদের বিয়ে হয়।
বিয়ের পর থেকে সঙ্গীতা বরাবরই আলোচনার আড়ালে থেকেছেন। খুব কম ক্ষেত্রেই তাঁকে জনসমক্ষে দেখা গিয়েছে। তবে তামিল চলচ্চিত্র জগতের অনেকের সঙ্গেই তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা যায়। অভিনেত্রী শালিনী অজিত কুমার এবং আরতি রবির মতো পরিচিত মুখদের সঙ্গেও তাঁর বন্ধুত্ব রয়েছে।
বিজয় ও সঙ্গীতার দুই সন্তান রয়েছে। পুত্র জেসন সঞ্জয় এবং কন্যা দিব্যা সাশা। দুজনেই সাধারণত প্রচারের আলো থেকে দূরে থাকেন। জেসন সঞ্জয় খুব শীঘ্রই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন, অন্যদিকে দিব্যা খেলাধুলার সঙ্গে যুক্ত বলে জানা যায়। বিজয়-সঙ্গীতার ব্যক্তিগত জীবনের এই জল্পনা নিয়ে অনুরাগীদের আগ্রহ বাড়লেও, আপাতত পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
