‘শাহরুখ-সলমন-আমিরের বয়স অনুযায়ী চরিত্রে অভিনয় করা উচিত’- কেন বলেন ইমরান খান?

0

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান, সলমন খান ও আমির খান। হিন্দি সিনেমায় এমন দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখা তারকাদের সংখ্যা হাতে গোনা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে দর্শকের পছন্দ, বদলাচ্ছে তারকাদের প্রতি প্রত্যাশাও।
এক সাক্ষাৎকারে অভিনেতা ইমরান খান বলেছিলেন, এই পরিবর্তন নিয়ে সিনিয়র তারকাদের নিজেদের মধ্যেই একটু ভাবনাচিন্তা করা দরকার। তাঁর মতে, বয়সের সঙ্গে সঙ্গে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করাও একসময় স্বাভাবিকভাবেই কঠিন হয়ে যায়।

ইমরানের বক্তব্য, একটা নির্দিষ্ট বয়স পর্যন্তই একজন অভিনেতা মুখ্য চরিত্রে মানানসই থাকেন। তারপর এমন একটা সময় আসে, যখন আর সেই চরিত্রগুলো করা যায় না। তিন খানই এখন ষাটের ঘরে। প্রায় ৩০ বছর ধরে তাঁরা যে ধরনের স্টারডম উপভোগ করেছেন, তার তুলনা করা কঠিন। এটা একজন অভিনেতার জীবনের স্বাভাবিক পর্ব—বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চরিত্রের ধরনও বদলাতে থাকে। খ্যাতির ধারণাটাও সময়ের সঙ্গে বদলায়। পুরনো প্রজন্মের দর্শকরা তাঁদের প্রিয় তারকাদের সঙ্গে বড় হয়েছেন, তাই তাঁদের প্রতি টান থাকবেই। কিন্তু নতুন প্রজন্ম নিজেদের বয়স ও অভিজ্ঞতার কাছাকাছি অভিনেতাদের সঙ্গেই বেশি সংযোগ খুঁজে পায়।

তিনি আরও বলেন, “আমরা যখন সিনেমা বা সিরিজ দেখি, তখন নিজের জীবন বা অনুভূতির সঙ্গে মিল খুঁজতে চাই। তরুণ দর্শক হয়তো ৭০ বছরের একজন মানুষের গল্প দেখতে ততটা আগ্রহী নাও হতে পারে।”

ইমরানের মন্তব্য এমন এক সময়ে এল, যখন তিন খানের সাম্প্রতিক বক্স অফিস পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে। ‘জিরো’ ছবির ব্যর্থতার পর শাহরুখ খান চার বছরের বিরতি নিয়ে ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মাধ্যমে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। দুটি ছবিই বাণিজ্যিকভাবে সফল হলেও একই বছরে মুক্তি পাওয়া ‘ডানকি’ প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। অন্যদিকে, আমির খানের ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। পরে মুক্তি পাওয়া ‘সিতারে জমিন পার’ প্রশংসা পেয়েছে মূলত তার গল্প ও অনেক তারকা একসঙ্গে থাকার জন্য, একক তারকানির্ভর ছবি হিসেবে নয়। সলমন খানের ক্ষেত্রেও গত কয়েক বছর খুব একটা সুখকর যায়নি। ২০১৮ সালের পর থেকে তাঁর বেশ কয়েকটি ছবি বক্স অফিসে প্রত্যাশামতো ফল করতে পারেনি। ব্যতিক্রম হিসেবে বলা যায় ‘টাইগার ৩’-এর কথা।

সব মিলিয়ে, বলিউডে তিন খানের যুগ এখনও শেষ হয়নি ঠিকই, তবে সময়ের সঙ্গে সঙ্গে তারকাখ্যাতির রূপ বদলাচ্ছে—এটাই যেন ইমরান খানের বক্তব্যের মূল ইঙ্গিত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *