নিজেদেরই মতবিরোধ! আইসিসিকে ৩ শর্ত দিয়ে পিসিবি আবার পাক প্রধানমন্ত্রীর দ্বারস্থ

0

টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান শেষপর্যন্ত খেলবে কি? আইসিসিকে তিন শর্ত চাপিয়ে দিয়ে এখন নিজেদের মধ্যেই মতবিরোধ। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাই ফের পাক প্রধানমন্ত্রীর শরণাপন্ন পিসিবি। লাহোরে এক সভায় আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা ও এক্সিকিউটিভ কমিটি সদস্য মুবারিশ উসমানি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে বৈঠক করেন। ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামও। বৈঠকে পাকিস্তান ভারত-ম্যাচ নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনটি শর্ত দিয়েছে বলে জানিয়েছে টেলিকম এশিয়া স্পোর্ট। তবে এই শর্তের কথা জানায়নি পাক কোনও সংবাদমাধ্যম।টেলিকম এশিয়া স্পোর্ট জানিয়েছে, ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পিসিবি আইসিসিকে তিনটি শর্ত দিয়েছে। যারমধ্যে প্রথম শর্ত লভ্যাংশের পরিমাণ বাড়াতে হবে। দ্বিতীয় শর্ত, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ চালু করতে হবে। আর তৃতীয় শর্ত ক্রিকেটের মাঠে পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হ্যান্ডশেক করা বাধ্যতামূলক করতে হবে।
আইসিসি এই নিয়ে পাল্টা কী জানিয়েছে তা অবশ্য পরিষ্কার নয়।প্রথম শর্ত মানার ব্যাপারে আইসিসি বোর্ডে সিদ্ধান্ত নিতে হবে। পরের দুই শর্তে তাদের যে কিছু করার নেই তা স্পষ্ট করে দিয়েছে। কারণ, পরের দুটি শর্তই বিসিসিআইয়ের নয়, পুরোটাই ভারত সরকারের সিদ্ধান্ত। সেই নির্দেশই পালন করে বিসিসিআই।
ভারত-পাক ম্যাচ না হলে আর্থিক ক্ষতি হবে আইসিসির। সেইসঙ্গে আয়োজক দেশ শ্রীলঙ্কাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। তাই শ্রীলঙ্কাও পাকিস্তানকে এই ম্যাচ খেলার কথা অনুরোধ করেছে। জানা গেছে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর জন্য পিসিবি’কে চিঠি দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ডও। যখন পাকিস্তানে কোনও দলই গিয়ে খেলতে চায়নি, তখন বিশ্বব্যাপী পাকিস্তান ক্রিকেটের অস্তিত্ব বজায় রাখার জন্য আরব আমিরশাহি যে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাও চিঠিতে মনে করিয়ে দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড।
পাকিস্তান এই ম্যাচ বয়কট করলে কড়া শাস্তিই যে পাবে সে’কথা অবশ্য মনে করিয়ে দিয়েছেন আইসিসির কর্তারা। তবু শেষ চেষ্টা করতে আইসিসি বৈঠকে আহ্বান জানান পাকিস্তানকে।রবিবার এই নিয়ে লাহোরে পিসিবি, বিসিবি এবং আইসিসি-র প্রতিনিধিদের মধ্যে টানা ৫ ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, পাকিস্তানের অনেক কর্তারাই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে আগ্রহী। অন্যদিকে পিসিবি চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কথা মেনেই অনড় ছিলেন না খেলার সিদ্ধান্তে। তা নিয়ে নিজেদের মধ্যেই মতবিরোধ হয়। জানা গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শেষপর্যন্ত পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফের বৈঠকে বসবে পিসিবি। সেখানেই হতে পারে চূড়ান্ত। জানা গেছে, ২৪ ঘণ্টার মধ্যেই পিসিবি তাদের অবস্থান স্পষ্ট করে দেবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *