প্রয়াত ‘মেরি কম’ খ্যাত সুনীল থাপা, অভিনেতার স্মরণে আবেগঘন পোস্ট প্রিয়াঙ্কা চোপড়ার

0

মনখারাপ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। প্রয়াত বর্ষীয়ান নেপালি অভিনেতা সুনীল থাপা। ‘মেরি কম’ ছবিতে অভিনেত্রীর কোচের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ৭ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। সহ-অভিনেতার স্মরণে সমাজমাধ্যমে আবেগঘন পোস্ট প্রিয়াঙ্কার।


ইনস্টাগ্রামে ‘মেরি কম’ ছবির বেশ কিছু মুহূর্ত ভাগ করে প্রিয়াঙ্কা লেখেন, “সুনীল থাপা আমার জীবনে শুধুমাত্র একজন সহ-অভিনেতা নন, বরং কঠিন সময়ের ভরসাও ছিলেন। ছবিতে যেমন তাঁর চরিত্র আমাকে লক্ষ্যপূরণের পথে লড়াই করতে অনুপ্রাণিত করত, বাস্তব জীবনেও তেমনই তাঁকে পাশে পেয়েছিলাম” প্রয়াত অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রিয়াঙ্কা লেখেন, “আপনি সবসময় আমার কোচ হয়েই থাকবেন।”

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পরে ২০১৩ সালের জুন মাসে বাবাকে হারান প্রিয়াঙ্কা। সেই সময়েই ‘মেরি কম’ ছবির শুটিং চলছিল। ছবিতে মণিপুরের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কমের চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। ছবিটি তাঁর সংগ্রাম, সাফল্য ও জীবনের নানা ওঠানামার গল্প তুলে ধরে।

বাবাকে হারানোর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ঠিক সেই সময়েই সুনীলের স্নেহ, নিঃস্বার্থ সমর্থন তাঁকে শক্ত থাকতে সাহায্য করে। অভিনেত্রী যোগ করেন, “জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোতে পাশে থেকেছেন, আপনার আলিঙ্গন আর হাসি আমার স্মৃতিতে চিরকাল থেকে যাবে।”

নেপালের ড্যাংয়ে জন্ম নেওয়া সুনীল থাপা তিনশো’রও বেশি নেপালি ছবিতে অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ে তাঁকে দেখা গিয়েছে ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩-এ। সুনীল থাপার প্রয়াণে বহু অনুরাগী ও বিশিষ্ট ব্যক্তি শোকপ্রকাশ করেছেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “নেপালি সিনেমায় সুনীল থাপার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে তাঁর কাজ।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *