ইডেনে ক্যারিবিয়ানদের জয়ে শামার জোসেফের অনন্য নজির, শ্রীলঙ্কাকে হারিয়ে ‘আন্ডারডগ’ জিম্বাবোয়ে
টি২০ বিশ্বকাপে ইডেন সাক্ষী থাকল এক অনন্য কীর্তির।ইতালিকে ৪২ রানে হারিয়ে টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের শীর্ষে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।শুধু তাই নয়, চার ম্যাচ জিতে ভারত দক্ষিণ আফ্রিকার মতো অপরাজেয় হয়েই সুপার এইটে পা রেখেছে ক্যারিবিয়ানরা।ইতালির বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১২৩ রানে ইতালির ইনিংস। ফলে ৪২ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।তবে এ ম্যাচ মনে থাকবে শামার জোসেফের জন্য। ক্যারিবিয়ান পেসার শামার জোসেফ কেবল বল হাতে ৪ উইকেট নিয়েছেন এমনটা নয়, ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। ধরেছেন উইকেটের সমান ৪টি ক্যাচও। আর তাতে গড়েছেন এক অনন্য রেকর্ডও।আন্তর্জাতিক টি২০তে প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে সমান ৪টি উইকেট ও ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। এই রেকর্ডে আছে আরও ৪ ক্রিকেটারের নামও। পঞ্চম ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন শামার জোসেফ।

অন্যম্যাচে গ্রুপপর্বেই আন্ডারডগ তকমা নিয়ে সুপার এইটে পৌঁছল জিম্বাবোয়ে।গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগই পায়নি জিম্বাবোয়ে। অথচ এ বারে তারাই ডার্ক হর্স। অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিয়েছিল, এ বার শ্রীলঙ্কাকেও তাদের দেশে গিয়ে হারিয়ে দিল। ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবোয়ের অধিনায়ক সাফ জানিয়ে দিলেন তারা এখন আর শুধু অংশ নিতে আসা কোনো দল নয়, বরং প্রতিপক্ষের সম্মান আদায় করে নেওয়া দল।শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবোয়ে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। ২৬ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন অধিনায়ক সিকান্দার রাজা। ৪টি ছক্কায় সাজানো এই ইনিংসের মাধ্যমে টি২০বিশ্বকাপে জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন রাজা (১৬ টি)। টি২০ বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবোয়ে। আগের ২ বারই জেতে লঙ্কানরা, এ বার খেলা ঘুরিয়ে দিল জিম্বাবোয়ে।
অন্যখেলায় আফগানিস্তান শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে সান্ত্বনার জয় পেল। তাতে অবশ্য সুপার এইটে পৌঁছতে পারেননি রশিদরা। প্রথমে ব্যাট করে রশিদরা ৪ উইকেট হারিয়ে ২০০ রান তোলে। জবাবে ৮ উইকেটে ১১৮ রান তোলে কানাডা। শেষ ম্যাচে আফগানদের জয় এসেছে ৮২ রানে।
