যার সাথে ১ ঘন্টা আগে শুটিং করেছি হঠাৎ করে যে তাঁর মৃত্যু সংবাদ পাব আশা করিনি : ভাস্কর বন্দোপাধ্যায়
রবিবার সন্ধ্যার ব্যস্ত শহরে মানুষ যখন আইপিএলের উত্তেজনায় ডুবে,ঠিক তখনই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। প্রয়াত হলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। যা মুর্হূতেই নাড়িয়ে দেয় গোটা সিনেপাড়াকে। তাঁর সম্প্রতি অভিনীত ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারেগা’ সিরিয়ালের শুটিং শেষেই দীঘার তালসারির সমুদ্রসৈকতে তলিয়ে যান অভিনেতা। শোনা যাচ্ছে,ইউনিটের লোকজনের সামনেই নাকি সমুদ্রে তলিয়ে যান তিনি। কিন্তু আসলে কী হয়েছিল ? তা জানিয়েছেন সিরিয়ালের সহ অভিনেতা ভাস্কর বন্দোপাধ্যায়।
আডিশনের পক্ষ থেকে নেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ,”সবারই শুটিং ছিল। কিন্তু আমার ৩ টের সময় প্যাক-আপ হয়ে যাওয়ায় আমি হোটেলে এসে খেয়ে নিজের ব্যাগ গুছিয়ে ৫:৩০ নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। অনেকটা যাওয়ার পরে আমি খবর পাই শুটিং সেটে একটা দুর্ঘটনা ঘটে। তখন জানতে পারি রাহুলের জলে তলিয়ে মৃত্যু হয়েছে।”
তিনি আরও জানান ,”আমার শুটিং শেষ হয়ে গেছে দুপুর ৩ টে। তবে আমি এই ঘটনা এখনও বিশ্বাস করে উঠতে পারছি না। যার সাথে ১ ঘন্টা আগে শুটিং করেছি তার যে হঠাৎ করে এমন ঘটনা ঘটবে তা মানতে পারা যাচ্ছে না। একজন ৪২ বছর বয়সী লোকের সঙ্গে এমন ঘটনা ঘটল ভাবতে পারছি না। জীবন যে এতটাই অনিশ্চিত তা জানা ছিল না।”
যদিও ঘটনাটি ঘটার পরে রাহুলকে দ্রুত দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেই চিকিৎসকরা ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার তাঁর দেহ কলকাতায় আনা হবে।
