৮৩ বছরেও অবসর নিতে নারাজ, ‘কাজ না থাকলেই অস্বস্তি বাড়ে’, খোলামেলা স্বীকারোক্তি অমিতাভের
ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। যাঁর কর্মজীবন ছয় দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত।এখনও তিনি সমানভাবে সক্রিয়। ৮৩ বছর বয়সেও তাঁর কাজের প্রতি নিষ্ঠা এবং শৃঙ্খলা অনেকের কাছেই অনুপ্রেরণা। সম্প্রতি নিজের ব্লগে দৈনন্দিন কাজের গুরুত্ব নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন তিনি।
অমিতাভ জানিয়েছেন, কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই যখন দিন কেটে যায়, তখন সেটি তাঁর কাছে অস্বস্তিকর মনে হয়। তাঁর কথায়, নিয়ম মেনে কাজ করার অভ্যাস ভেঙে গেলে, গোটা দিনের ছন্দ নষ্ট হয়ে যায়। প্রতিদিনের রুটিন না থাকলে দিনের স্বাভাবিক গতি যেন হারিয়ে যায়, আর তখনই একধরনের অদ্ভুত অস্থিরতা তৈরি হয়।
তিনি আরও বলেন, এই অভ্যাসের পরিবর্তন থেকেই অনেক সময় মানসিক অশান্তি তৈরি হয়। অযথা উদ্বেগ বা অস্থিরতায় থাকা, শরীর ও মনের পক্ষে ক্ষতিকর বলেও মনে করেন তিনি। তাই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখাই শ্রেয়, বলে মত তাঁর।
উল্লেখ্য, সম্প্রতি জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম সিজন সঞ্চালনা করেছেন অমিতাভ। সিজনের শেষে দর্শকের উদ্দেশে আবেগঘন বার্তাও দেন তিনি। দীর্ঘদিন ধরে এই শোয়ের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাঁর জীবনের এক বড় অংশ বলেও জানান। বড় পর্দায় শেষবার তাঁকে দেখা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে, যেখানে তাঁর অভিনয় বিশেষ প্রশংসিত হয়। বর্তমানে ‘কাল্কি’র সিক্যুয়েলের শুটিং নিয়েই ব্যস্ত তিনি। খুব শীঘ্রই আবারও বড় পর্দায় দেখা যাবে তাঁকে। বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা তা প্রতিদিনই প্রমাণ করে চলেছেন বিগ বি।
