অস্ট্রেলিয়ার চোট চিন্তার মধ্যেও জয়, রুদ্ধশ্বাস লড়াই আফগান-প্রোটিয়াদের, ব্রিটিশবধ ক্যারিবিয়ানদের
চোট নিয়ে দুশ্চিন্তার মধ্যেই জয় দিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারায় অজিরা। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে অস্ট্রেলিয়া। জবাবে নাথান এলিস ও অ্যাডাম জাম্পার দুর্দান্ত বোলিংয়ে ১৬.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।

টি২০ বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। অনুশীলনে চোট পেয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পারেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। তাঁর বিকল্প হিসেবে জরুরি ভিত্তিতে শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্টিভ স্মিথকে। স্মিথ অবশ্য সরাসরি স্কোয়াডে ঢুকছেন না। তিনি বর্তমানে স্ট্যান্ডবাই হিসেবে শ্রীলঙ্কায় যাচ্ছেন। মার্শ যদি পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান, তবেই স্মিথ মূল দলে জায়গা পাবেন।

অন্যদিকে এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এদিন মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। দুই দলই এদিন বিশ্বকাপের সেরা ম্যাচ খেলেছে। চরম উত্তেজনার লড়াই শেষে ম্যাচ গড়িয়েছিল দুই-দুইটি সুপার ওভারে। কিন্তু, শেষ পর্যন্ত চাপ সামলে এই ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ১৮৭ রানের জবাবে সমান রান করেই ২ বল বাকি থাকতে অলআউট হয় আফগানরা। রুদ্ধশ্বাস ম্যাচ টাই হয়। প্রথম সুপার ওভারে দুই দলই ১৭ রান করে তুললে আবারও ম্যাচ টাই হয়। এরপর দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা ২৪ রানের বিশাল লক্ষ্য দেয়। গুরবাজ কেশব মহারাজকে টানা তিনটি ছক্কা মেরে জয়ের আশা জাগালেও শেষ বলে যখন ৫ রানের প্রয়োজন তখন ক্যাচ দিয়ে বিদায় নেন।শেষটাতে আর ভাগ্য সহায় হয়নি আফগানদের। দক্ষিণ আফ্রিকা ৪ রানে ম্যাচ জেতে।

আর এক ম্যাচে ইংল্যান্ডকে ৩০ রানে হারিয়ে দুইয়ে দুই করল ওয়েস্ট ইন্ডিজ। প্রায় ১৫ মাস পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জিতল ক্যারিবিয়ানরা। প্রথমে ব্যাট করে ক্যারিবিয়ানরা ৬ উইকেট হারিয়ে তোলে ১৯৬ রান।
দুর্দান্ত ব্যাটিংয়ে কেরিয়ার সেরা ইনিংস খেলেন শেরফেন রাদারফোর্ড। জেসন হোল্ডারের ব্যাট থেকে এলো ক্যামিও ইনিংস। পাঁচ নম্বরে নেমে সাত ছক্কা ও দুই চারে ৪২ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন রাদারফোর্ড। ম্যাচ-সেরার স্বীকৃতি পান তিনিই। হোল্ডার ১৭ বলে ৩৩ করেন ৪ ছক্কা হাঁকিয়ে। ১৯৭ রানের লক্ষ্যটাকে বড়ই বলতে হয়। সেই লক্ষ্য ছুঁতে নেমে ১৬৬ রানে থেমেছে ইংল্যান্ড। ইংলিশদের ১৯ ওভারে অলআউট করে ৩০ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের দুটিতেই জিতে ‘সি’ গ্রুপের শীর্ষে ক্যারিবীয়রা। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে তিনে।
