বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়ার জন্য বিসিসিআইয়ের বিশাল পুরস্কার, ছাপিয়ে গেল অতীতের সব রেকর্ড
বিশ্বজয়ের পরেই বিসিসিআইয়ের চমক। স্বপ্নের মতো টাকার পুরস্কারের ঝনঝনানি। এ বার বিশ্বকাপ জয়ের জন্য বিসিসিআই সূর্যদের জন্য মোট ১৩১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। যা আগের রেকর্ড ১২৫ কোটি টাকাকেও ছাড়িয়ে গেছে।এ বার বিশ্বজয়ী ১৫ সদস্যের দলে থাকা প্রত্যেক খেলোয়াড় প্রায় ৬ কোটি টাকা করে পাবেন। খেলোয়াড়দের মধ্যে মোট প্রায় ৯০ কোটি টাকা ভাগ করে দেওয়া হবে। বাকি প্রায় ৪১ কোটি টাকা যাবে কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও অন্যান্য সদস্যদের মধ্যে।বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ টিম ইন্ডিয়ার বিজয়ী অভিযানের পর তাদের জন্য ১৩১ কোটি টাকা নগদ পুরস্কার ঘোষণা করছে।’
এমনিতেই টি২০ বিশ্বকাপ জয়ে চ্যাম্পিয়ন মূল্য হিসেবে ভারত আইসিসির থেকে পেয়েছে ২৭.৪৮ কোটি টাকা। গ্রুপ পর্ব ও সুপার এইটে জয়ের বোনাস হিসেবে পাচ্ছে প্রায় ২৮.৬০ লাখ টাকা। তাতে আইসিসি ও বিসিসিআই সবমিলিয়ে ভারতের প্রায় পুরস্কারে মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৫৮ কোটি টাকা। এই জয়ের মাধ্যমে ভারত শুধুমাত্র খেলার ইতিহাসেই নয়, আর্থিকভাবেও পুরস্কারের ক্ষেত্রেও নতুন রেকর্ড তৈরি করল। সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার ট্রফি ধরে রাখে, সেইসঙ্গে তিনবার টি২০ বিশ্বকাপ জয়ের ইতিহাস তৈরি করে।বোর্ডের সভাপতি মিঠুন মানহাস দলের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস বলেছেন, ‘দেশের মাটিতে টানা দ্বিতীয়বার ট্রফি জয় সত্যিই গর্বের মুহূর্ত। এই দল এবং স্টাফদের অসাধারণ পারফরম্যান্স দেশের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
২০২৪ সালে বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জিতলে বিসিসিআই পুরস্কার ঘোষণা করেছিল ১২৫ কোটি টাকা। এতদিন পর্যন্ত সেটাই ছিল সর্বোচ্চ। তখন প্রতিটি ক্রিকেটারকে প্রায় ৫ কোটি টাকা করে দেওয়া হয়েছিল।
