ঈদের দিনে বাবাকে নিয়েই ভক্তদের সামনে সলমন, আবেগঘন মুহূর্ত গ্যালাক্সিতে, ফাঁকা মন্নত

0

খুশির ঈদে সারা দেশের মতো মুম্বইতেও গোটা দিন ছিল উৎসবের আবহ। আর সেই আবহেই প্রতি বছরের মতো এবারও নিজের ঐতিহ্য বজায় রেখে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ভক্তদের শুভেচ্ছা জানালেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। তবে এবারের ঈদ ছিল সলমন খানের পরিবারের কাছে আরও বিশেষ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাড়ি ফিরেছেন তাঁর বাবা, বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান। তাঁকেই এদিন হুইলচেয়ারে বসিয়ে ভক্তদের সামনে নিয়ে আসেন সলমন। বারান্দা থেকেই উপস্থিত অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় সেলিম খানকে, যা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ভক্তরা।
সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন ৯০ বছরের সেলিম খান। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল তাঁকে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হয়েছে এবং এখন তিনি বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন। ঈদের দিন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দেখা যায় সলমন খানকে। বারান্দায় দেখা গেছে আরবাজ খান, সোহেল খান, অর্পিতা শর্মা-সহ পরিবারের বাকিদেরও। সলমনের মা সালমা খানকেও। একসঙ্গে পুরো খান পরিবারকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা। এ যেন খুশির ঈদে জোড়া বোনাঞ্জা। সমাজ মাধ্যমে এক ভিডিয়ো শেয়ার করে সব ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সুপারস্তার সলমন খান।তিনি লেখেন, ‘ঈদ মোবারক। আপনাদের আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বাবা এখন বাড়িতে ফিরেছেন।’ উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে বর্তমানে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় কাচের সুরক্ষা দেওয়ালের আড়াল থেকেই ভক্তদের সঙ্গে দেখা করেন অভিনেতা। তবুও প্রিয় তারকাকে একঝলক দেখার জন্য প্রতি বছরের মতো এবারও উপচে পড়ে ভিড়। সব মিলিয়ে, বাবাকে পাশে নিয়েই ঈদের আনন্দ ভাগ করে নিয়ে অনুরাগীদের মনে বিশেষ জায়গা করে নিলেন সলমন খান।
তবে গ্যালাক্সি ঘিরে উচ্ছ্বাস চোখে পড়লেও, মন্নত ছিল নিষ্প্রাণ। কারণ, সেখানে শাহরুখ খান ছিলেন না।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *