জেলে রাত কাটানো ‘বন্ধুহীন’ রাজপালের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন সোনু, সলমন, অজয় দেবগনরা
যে ব্যক্তি সিনেপর্দায় শুধুই হাসায়, সে ব্যক্তিই অন্তরালে শুধুই কাঁদে। যাঁকে কমেডিয়ান বলেই জানেন সবাই, তাঁরই নাকি সবচেয়ে কষ্টের জীবন। তিনি তারকা কিন্তু বন্ধুহীন। জীবনের কঠিন সময় অনেক কিছুই দেখলেন, জানলেন শিখলেন রাজপাল যাদব। ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘ভাগম ভাগ’ তাঁর কৌতুক অভিনয় মন কেড়ে নিয়েছিল সবার। সেই অভিনেতা রাজপাল আর্থিক দেনায় জর্জরিত। রাত কাটছে তিহাড়ের জেলে। ৯ কোটি টাকা বকেয়া। দিতে পারেননি তিনি। সিনে ইন্ডাস্ট্রিতে কাউকে পাশেও পাননি। অসহায় আত্মসমর্পন করে আপাতত জেলে। নিজের আর্থিক পরিস্থিতির কথা বলে বলেন, ‘স্যর, আমার কী করা উচিত? আমার কাছে টাকা নেই। আমি আর কোনও সমাধান দেখতে পাচ্ছি না…স্যর, আমরা সবাই এখানে একা। আমার পাশে কোনও বন্ধু নেই। আমাকে একাই এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’
আইনি জটিলতার সূত্রপাত ২০১০ সালে। নিজের পরিচালিত প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’-র অর্থ জোগাড় করতে এম এস মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে প্রায় ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। সে ছবি হিট হয়নি। দেনাও শোধ হয়নি। সেই ঋণের সুদ বাড়তে বাড়তে ৯ কোটি। মাঝে কয়েকদিন জেল খেটেছেন। অল্প টাকা মিটিয়েছেন। বেশিরভাগ চেক বাউন্সও হয়েছে। রাজপাল ঋণের বোঝা নিয়ে জেলে গিয়েছেন।
বলিউডে সেরা তারকাদের প্রায় সবার সঙ্গেই পার্শ্বচরিত্রে তিনি স্ক্রিন শেয়ার করেছেন। তাঁকে চেনেন না এমন কেউ নেই। বলিউডের তারকারা কি তাঁর পাশে দাঁড়াবেন না? সত্যি কি স্বার্থপরতা গ্রাস করেছে বলিউডে? এই প্রশ্ন যখন উঠছে তখন সবার আগে বার্তা দিয়েছেন সোনু সুদ। তিনি রাজপালকে আসন্ন কোনও প্রজেক্টে অগ্রিম পারিশ্রমিক দিয়ে তাৎক্ষণিক আর্থিক সহায়তা করতে প্রস্তুত বলে জানান। সোনু বলেন, ‘আমার বিশ্বাস, এইমুহূর্তে প্রযোজক-পরিচালক, সহকর্মীদের ওঁর পাশে দাঁড়ানো উচিত। একটা ছোট্ট কাজের মূল্যও এখন রাজপালের কাছে ভবিষ্যতের সম্বল হতে পারে। তাছাড়া আমাদেরই কোনও সহকর্মী যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন ইন্ডাস্ট্রির ওঁকে মনে করিয়ে দেওয়া উচিত যে, ও একা নয়। আমরাও ওঁর পাশে আছি।। ইন্ডাস্ট্রির উর্ধ্বে গিয়ে এটা যে একটা পরিবার’।
এরপর অবশ্য আরও অনেকেই রাজপালকে আর্থিক সাহায্য করতে এগিয়ে এসেছেন। সঙ্গীত প্রযোজক রাও ইন্দ্রজিৎ যাদব একটি ভিডিয়ো বার্তায় রাজপালের পরিবারের জন্য ১.১১ কোটি টাকার আর্থিক সহায়তা দেবেন বলে জানান। রাজনীতিবিদ তেজ প্রতাপ যাদব ১১ লক্ষ টাকার সহায়তার কথা জানান। এগিয়ে এসেছেন অজয় দেবগন, সলমন খান, বরুণ ধাওয়ান-সহ একাধিক তারকারাও। অভিনেতার ম্যানেজার গোল্ডি এক সাক্ষাৎকারে বলেন, ‘অনেকেই রাজপালকে সাহায্য করার জন্য যোগাযোগ করেছেন। সোনু সুদ, সলমন খান, অজয় দেবগন, সকলেই পাশে থাকার আশ্বাস দিয়েছেন। রতন জৈন, বরুণ ধাওয়ান-সহ আরও অনেকে এগিয়ে আসছেন। রাজপাল এই সমর্থনে গভীরভাবে কৃতজ্ঞ।’ শোনা যাচ্ছে, শুক্রবার জেলমুক্তি হতেও পারে রাজপালের।
