আইপিএলে শুরুতে নেই ‘থালা’! হলুদ সমুদ্র যেন ম্লান! মুখোমুখি লড়াই হবে না ধোনি-বিরাটের
আর যেন টানা যাচ্ছে না! বয়স ৪৫। তবু ভক্তদের কথা ভেবেই এখনও খেলা চালিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। এবারেও তিনিই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। মাঠেও দেখা যাচ্ছে নিয়মিত। কিন্তু তাঁকে ম্যাচে দেখা যাবে না। এই খবরে আবেগবিহ্বল ধোনিভক্তরা। কবে নামবেন? চেন্নাই সুপার কিংস তা নিয়ে সম্ভাব্য আশা প্রকাশ করেছেন ঠিকই, গ্যারান্টি দেননি। এবারের আইপিএলের শুরুতেই যেন এক অদ্ভুত শূন্যতা, কারণ একটাই, ‘ক্যাপ্টেন কুল’কে অন্তত প্রথম দুই সপ্তাহ মাঠে দেখা যাবে না।

চেন্নাই সুপার কিংস শিবির জানিয়েছে, কাফ মাসলের চোটে ভুগছেন ধোনি। বর্তমানে তিনি রিহ্যাবের মধ্যে রয়েছেন।সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগতে পারে প্রায় দু’সপ্তাহ। ফলে টুর্নামেন্টের শুরুর গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাঁর অনুপস্থিতি প্রায় নিশ্চিত। ধোনি মানেই শুধু একজন ক্রিকেটার নন, তিনি আবেগ, ভরসা এবং কোটি সমর্থকের হৃদয়ের স্পন্দন। তাই তাঁকে ছাড়া মাঠে নামা মানেই যেন চেন্নাইয়ের হলুদ সমুদ্রে একটু ফাঁকা ফাঁকা অনুভূতি।এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, উইকেটের পিছনে গ্লাভস হাতে কাকে দেখা যাবে? দৌড়ে এগিয়ে রয়েছেন সঞ্জু স্যামসন, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও অভিজ্ঞ। তবে উর্বিল প্যাটেল ও তরুণ কার্তিক শর্মার মতো বিকল্পও রয়েছে দলের হাতে।
আগামী ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে চেন্নাই। এরপর পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে ধোনিকে ছাড়াই। ফলে, বিরাট বনাম ধোনি ফ্লেভারও থাকবে না এ বার। ৪৫ বছরে পা দিতে চলা ধোনিকে ঘিরে গত কয়েক বছর ধরেই অবসর নিয়ে জল্পনা চলছে। তার ওপর চোট-আঘাতও নিত্যসঙ্গী। তবুও প্রতি মরসুমে তিনি ফিরেছেন, মাঠ মাতাচ্ছেন।তাই সমর্থকদের আশা, এবারও খুব দ্রুতই মাঠে ফিরবেন ‘থালা’। সব কিছু ঠিক থাকলে ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচেই আবার দেখা যেতে পারে সেই পরিচিত দৃশ্য-উইকেটের পিছনে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় ম্যাচের গতিপথ বদলে দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।
ততদিন পর্যন্ত অপেক্ষা… আর স্মৃতির পাতায় ভর করে ধোনিকে খুঁজে ফেরার পালা।
